Jeetu Kamal: নিট প্রশ্ন ফাঁস নিয়ে পোস্ট জীতুর! তবে ছাত্র-অন্দোলন-পুলিশের লাঠিচার্জ নিয়ে খরচ করলেন না শব্দ
নিট কেলেঙ্কারিতে প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন গোটা দেশের বহু তারকা। টলিপাড়া থেকে বৃহস্পতিবার মুখ খুললেন দুই নায়ক জীতু আর জিত। করলেন নিরপেক্ষ তদন্ত, দোষীদের জবাবদিহি-র দাবি।
নিট প্রশ্নপত্র ফাঁস ও ২০জন শিক্ষার্থীর আত্মহত্যাকে কেন্দ্র করে আপাতত গোটা দেশ উত্তাল। যন্তর মন্তরে যার শুরুটা হয়েছিল ককরোচ জনতা পার্টির হাত ধরে। প্রথমদিনে ‘আরশোলা’দের নিয়ে দেশবাসী সেভাবে মাথা না ঘামালেও, ধীরে ধীরে তা জনগণের মনে জায়গা করে নিতে থাকে। বিশেষ করে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করার পর। এরপর সোনম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে দিল্লি পুলিশের বলপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া, পড়ুয়াদের সাংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, একের পর এক ঘটনা ক্ষেপিয়ে দিয়েছে মানুষকে। এমনকী, প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন বহু তারকা। টলিপাড়া থেকে বৃহস্পতিবার মুখ খুললেন দুই নায়ক জীতু আর জিত।

টলিপাড়ার দুই নায়কের প্রতিবাদের ভাষা প্রায় একই বলা যেতে পারে। শুধু জিতের পোস্টটি এসেছে ইংরেজিতে, আর জীতু করেছেন বাংলায়। জীতু লিখেছেন, ‘NEET শুধু একটি পরীক্ষা নয়; এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্ন, পরিশ্রম ও বিশ্বাসের প্রতীক। তাই প্রতিটি যোগ্য শিক্ষার্থীর জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। কোনো অনিয়ম হলে তার নিরপেক্ষ তদন্ত, দোষীদের জবাবদিহি এবং কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমাদের শিক্ষার্থীরা ন্যায়বিচার, সঠিক উত্তর এবং তাদের পরিশ্রমের ন্যায্য মূল্যায়ন পাওয়ার অধিকার রাখে। আজ প্রয়োজন রাজনৈতিক দোষারোপ নয়, দায়িত্বশীলতা, জবাবদিহি এবং স্থায়ী সংস্কার।’
তবে অভিনেতার পোস্টে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতা থাকলেও, ছাত্র আন্দোলনের কোনো উল্লেখ নেই। দিল্লি পুলিশের লাঠিচার্জ নিয়েও খরচ করেননি শব্দ।
টলিউড থেকে গুটিকয়েক মানুষই বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। এই তালিকায় রয়েছেন বাংলার দুই তরুণ তুর্কি ঋদ্ধি সেন ও ঋতব্রত মুখোপাধ্যায়। এছাড়াও সুদীপ্তা চক্রবর্তী, বীরসা দাশগুপ্তরা ক্রমাগত সমর্থন জানিয়ে চলেছেন ছাত্র আন্দোলনকে। এমনকী, দিল্লি পুলিশের নির্মম লাঠিচার্জ নিয়েও খুলেছেন মুখ। পোস্ট এসেছে অরিজিৎ সিং, প্রীতম ডি গুপ্তা, কৌশিকী চক্রবর্তীদের থেকেও।
আপাতত ছাত্র আন্দোলন দিল্লির গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। দিল্লি, পাটনায় এক হয়েছে যুব সমাজ। কলকাতায় বিক্ষোভ কর্মসূচীর ডাক এসেছে বাম ও ককরোচদের থেকে। যা শুক্রবার দুপুরে শিয়ালদহ চত্বরে ডাকা হয়েছে। কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসতে নারাচ আরশোলা-রা! এখন দেখার প্রতিবাদ আগামী দিনে কোনদিকে মোড় নেয়।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


