ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। একবছর আগে এই সময়ই তাঁর ছেলে 'গোল্লা' অর্থাৎ অধ্যায় সেনগুপ্ত তাঁর কোল আলো করে এসেছিল। দেখতে দেখতে এক বছর পূর্ণ হল খুদের। আর সেই উপলক্ষ্যেই বাড়িতে ছেলের একবছরের জন্মদিনের আয়োজন করেছিলেন তিনি। রকমারি সব লোভনীয় বাঙালি পদে এদিন সেজে উঠেছিল অধ্যায়ের পাত। জানেন মেনুতে কী কী ছিল?

ইউ স্পট ইউ -এর শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে রূপোর থালা ও বাটিতে নানা পদ সাজিয়ে এদিন ছেলেকে খেতে দিয়েছিলেন মানসী। যদিও একরত্তি এখনও নিজে হাতে সেভাবে খেতে পারে না। তাই ছেলে কোলে নিয়ে নিজেই তাঁকে যত্ন করে খাইয়েছিলেন। আলুভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, মাছ, পোলাও, আর দই-এ এদিন অধ্যায়ের পাত সেজেছিল। মানসী নিজের হাতেই ছেলেকে দই খাওয়ান। তারপর মানসীর মেয়ে ভাইকে প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদও করে।
এর আগে কেক কেটেও ছেলের জন্মদিন উদযাপন করেছিলেন অভিনেত্রী। সেই মুহূর্তের ছবিও মানসী পোস্ট করেছিলেন। পাশাপাশি তাঁর ছেলের জন্মের মুহূর্তের ছবিও পোস্ট করেছিলেন। ছবিগুলি পোস্ট করে মানসী ক্যাপশনে লিখেছিলেন, ‘প্রতিটা প্রথমই বিশেষ হয়, কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ যে প্রতিটা শেষও বিশেষ, কারণ তুমিই আমার শেষ ভালোবাসা। তোমার প্রথম জন্মদিনে আমি কথা দিচ্ছি যে আমি চিরকাল তোমার হিরো হয়ে থাকব, আমি কথা দিচ্ছি মা তোমার জন্য সবসময় মা-বাবা দুই হয়ে থাকবে। আর জগন্নাথের উপর সব সময় বিশ্বাস রেখো। কোনো চিন্তা নেই, তোমার মা সবসময় তোমার পাশে আছে, অধ্যায় সেনগুপ্ত।’ নায়িকার এই ক্যাপশন তখন খুব স্বাভাবিক ভাবেই তাঁর ডিভোর্সের জল্পনাকে উস্কে দেয়। আসলে এর আগেও এক সময় তাঁর স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। তারপর অবশ্য সব ভুলে ফের এক হয়েছিলেন তাঁরা। তারপর একবছর আগে অধ্যায়ের জন্ম হয়।
কিন্তু ছেলের জন্মদিনেই মানসী তাঁর বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দেন। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার স্বামীর সঙ্গে তো অনেক দিন ধরেই সমস্যা রয়েছে। ছেলেমেয়ের স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আর হচ্ছে না। তাই আমরা ডিভোর্স ফাইল করেছি। তবে মা-বাবা হিসাবে দু’জনেই নিজেদের দায়িত্ব পালন করব। ছেলের জন্মদিনে ও এসেওছে। কিন্তু স্বামী-স্ত্রী হিসাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।’