Dev-Jeet: ফের একফ্রেমে দেব-জিৎ! দাদাগিরির মঞ্চে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রচারে মিলবে ‘দুই পৃথিবী’?
দেবের ‘দাদাগিরি’র মঞ্চে মেগাস্টার জিৎ! মুখোমুখি দুই সুপারস্টার, তুঙ্গে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রমোশনে নতুন চমক।
বাংলা বিনোদন জগতের ইতিহাসে এক রাজকীয় ও ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ! দীর্ঘদিন পর একফ্রেমে দেখা যাবে দেব ও জিৎ-কে। হ্যাঁ, টলিপাড়ার ‘দুই পৃথিবী’র মহামিলন দেখা এখন সময়ের অপেক্ষা। সবটাই সম্ভব হচ্ছে দাদাগিরির সৌজন্যে।

দেড় দশক ধরে ‘দাদাগিরি’র সঞ্চালকের আসনে ক্রিকেট মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে অভ্যস্ত ছিল পুরো বাঙালি। তবে সঞ্চালনার সেই ব্যাটন এখন টলিউড সুপারস্টার দেব (Dev)-এর হাতে। আর ‘নতুনের দাদাগিরি’র সেই আলোঝলমলে মঞ্চেই এবার ঘটতে চলেছে সবচেয়ে বড় ধামাকা—এবার হোস্ট দেবের মুখোমুখি হতে চলেছেন মেগাস্টার জিৎ (Jeet), খবর দ্য ওয়ালের সূত্রে!
নিজের বহুল প্রতীক্ষিত ইতিহাস-ভিত্তিক মেগা ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ (Keu Bole Biplobi Keu Bole Dakat)-এর প্রচারের জন্যই দেবের আমন্ত্রণ গ্রহণ করে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হন জিৎ। কদিন আগেও বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ের নামার কথা ছিল দুজনের। দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং জিৎ-এর এই ছবি স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তির গুঞ্জন দানা বেঁধেছিল। দেব অবশ্য অনির্দিষ্টকালে জন্য পিছিয়ে দেন বাইক অ্যাম্বুলেন্স দাদা-র মুক্তি। আপতত তাঁর সব ফোকাস দেশু৭-কে ঘিরে।
বিন্দাস আড্ডা ও দুই তারকার রসায়ন
টলিউডের দুই প্রতিদ্বন্দ্বী হলেও বাস্তবে দেব ও জিতের সম্পর্ক অত্যন্ত মধুর। 'দাদাগিরি'র মঞ্চে দুজনের মিষ্টি খুনসুটি, পুরোনো দিনের স্মৃতিরোমন্থন এবং মজার আড্ডায় দেখতে মুখিয়ে সকলে। সঞ্চালক হিসাবে দেব নতুন ইনিংস শুরু করেছেন, সেখানে ইতিমধ্যেই তাঁর সাপোর্টে পৌঁছেছেন শুভশ্রী-কোয়েলরা। এবার দেবের সামনে জিৎ। দেবের গুগলি কীভাবে সামলাবেন জিৎ, তা দেখতে উত্তেজিত ভক্তরা।
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর গল্প ও প্রেক্ষাপট
পথিকৃত বসু পরিচালিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মাস্টারদা সূর্য সেনের অনুগামী বিখ্যাত বিপ্লবী অনন্ত সিংহ-এর জীবনের সত্য ঘটনা ও তৎকালীন পটভূমি অনুসরণে নির্মিত হয়েছে এই ছবি। স্বাধীনতা যুদ্ধের পর ৬০-এর দশকে কলকাতার বুকে ঘটা একের পর এক দুঃসাহসিক ডাকাতি এবং দুর্নীতিবিরোধী লড়াইয়ের রহস্য উন্মোচিত হবে এই গল্পে।
ছবিতে বিপ্লবী অনন্ত সিংহের ছায়ায় তৈরি চরিত্রে অভিনয় করছেন মেগাস্টার জিৎ। জিতের পাশাপাশি ছবিতে দেখা যাবে টোটা রায়চৌধুরী, রজতাভ দত্ত, কৌশিক সেন, চন্দন সেন ও দেবত্তমা সাহা, সৃজলা গুহ-র মতো শক্তিশালী তারকাদের। ছবির সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।
ঐতিহাসিক এপিসোডের অপেক্ষা
টলিউডের দুই দিকপাল দেব ও জিৎকে একই ফ্রেমে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁদের অনুগামীরা। ‘দাদাগিরি’র এই বিশেষ পর্বে দেশপ্রেম, মেগাস্টার জিতের বায়োপিকধর্মী সিনেমার গল্প এবং দেব-জিতের অনবদ্য কেমিস্ট্রি ছোট পর্দা কাঁপাতে তৈরি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


