3 Idiots Sequel: ব়্য়াঞ্চো-রাজু-ফারহানের মিড লাইফ ক্রাইসিস পর্দায়! থ্রি-ইডিয়েটসের সিকুয়েল নিয়ে আপটেড হিরানির
কেবল ব্যবসার খাতিরে নয়, প্রথম ভাগের মতোই মনছোঁয়া ও শক্তিশালী গল্প নিয়েই ফিরছে থ্রি-ইডিয়টসের সিকুয়েল।
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা এবং কালজয়ী ছবি ‘৩ ইডিয়টস’ (3 Idiots)। ২০০৯ সালে মুক্তি পাওয়া আমির খান (Amir Khan), আর মাধবন (R Madhavan) এবং শারমান জোশী (Sharman Joshi)-র এই ছবি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে জীবনের দৃষ্টিভঙ্গি— সবকিছুকে এক নতুন রূপ দিয়েছিল। বছরের পর বছর ধরে দর্শকরা চাতক পাখির মতো অপেক্ষা করে আছেন, কবে আবার একসঙ্গে পর্দায় ফিরবে এই আইকনিক ট্রায়ো বা ত্রয়ী। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে খোদ পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani) দিলেন এক দুর্দান্ত ধামাকাদার আপডেট!

সিনেমাটির সিক্যুয়েল বা দ্বিতীয় ভাগ নিয়ে কাজ যে অনেক দূর এগিয়েছে, তা স্পষ্ট করে দেওয়ার পাশাপাশি হিরানি খোলসা করলেন এবার ব়্য়াঞ্চো, ফারহান ও রাজুর জীবনে কী ঝড় আসতে চলেছে।
‘এবার ওদের গল্পে আসবে মিড-লাইফ ক্রাইসিস’
রাজকুমার হিরানি জানান, সিক্যুয়েলের গল্পে চরিত্রদের বয়স বাস্তব জীবনের মতোই এগিয়ে যাবে। কলেজ জীবনের সেই তরুণ ছাত্ররা এখন আর তরুণ নেই, তারা জীবনের এক অন্য কঠিন বাস্তবতার মুখোমুখি। পরিচালক বলেন, ‘আমরা ‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ করছি। এবার গল্পে রানচো, রাজু এবং ফারহানকে এক চরম মাঝবয়সের সংকট বা ‘মিড-লাইফ ক্রাইসিস’ এর মধ্য দিয়ে যেতে দেখা যাবে। বয়স বাড়ার সাথে সাথে জীবন, পরিবার এবং কেরিয়ারের যে নতুন চাপ তৈরি হয়, সেটাই হবে এই গল্পের মূল কেন্দ্রবিন্দু।’
‘সস্তা উপায়ে কেবল টাকা কামানোর জন্য সিক্যুয়েল বানাব না’
বলিউডে আজকাল যেকোনো সফল ছবির সিক্যুয়েল বানিয়ে ব্যবসার ট্রেন্ড চললেও, রাজকুমার হিরানি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি মানের সাথে কোনো আপস করবেন না। ছবির চিত্রনাট্য যতক্ষণ না প্রথম ভাগের মতোই নিখুঁত এবং শক্তিশালী হচ্ছে, ততক্ষণ তিনি শুটিং ফ্লোরে নামবেন না।
হিরানির কথায়, ‘৩ ইডিয়টস’ মানুষের আবেগের সাথে জড়িত। তাই কেবল ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করে সস্তা উপায়ে টাকা কামানোর জন্য তিনি পার্ট ২ বানাতে চান না। একটি যথাযথ এবং অর্থপূর্ণ চিত্রনাট্য তৈরি হলেই আমির, মাধবন ও শারমানকে নিয়ে আবার ক্যামেরা চালু করবেন তিনি।
সিলমোহর দেন আমির
গত এপ্রিলে সিকুয়েলের সুখবরে সিলমোহর আমির খান জানান, প্রথম ভাগের গল্পের ঠিক ১০ বছর পর থেকে শুরু হবে দ্বিতীয়ভাগ। অর্থাৎ কলেজ জীবন পার করে চরিত্ররা যখন বাস্তব দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে, ঠিক সেই সময়কার প্রেক্ষাপটেই বোনা হয়েছে নতুন গল্প। আমির বলেন, 'রাজু (রাজকুমার হিরানি) এই মুহূর্তে ৩ ইডিয়টস ২-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। আমি ইতিমধ্যেই গল্পটা শুনেছি এবং এটা এককথায় অসাধারণ। ছবিটির গল্পে ৩ ইডিয়টস-এর চরিত্রদেরই ফলো করা হবে, তবে গল্পটা এগিয়ে যাবে ঠিক ১০ বছর পর থেকে।'
সেই ভাইরাল প্রমোশন এবং ভক্তদের উন্মাদনা
কিছুদিন আগে আমির খান, আর মাধবন এবং শারমান জোশীকে একসঙ্গে একটি বিজ্ঞাপনের প্রমোশনে দেখা গিয়েছিল, যেখানে তাঁরা ‘৩ ইডিয়টস ২’ নিয়ে প্রেস কনফারেন্সের অভিনয় করেছিলেন। সেই ভিডিওটি ভাইরাল হতেই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। হিরানির এই নতুন মন্তব্যের পর অনুরাগীদের সেই জল্পনা এখন এক্কেবারে সত্যি প্রমাণিত হলো।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


