Pankaj Tripathi Brother: বিহারে জমি বিবাদের জের, নৃশংস হামলা পঙ্কজ ত্রিপাঠির দাদার উপর, অবস্থা আশঙ্কাজনক
Pankaj Tripathi Brother: বিহারের গোপালগঞ্জে জমি বিবাদের জেরে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর দাদা বিজেন্দ্রনাথ তিওয়ারির ওপর লাঠি ও রড দিয়ে নৃশংস হামলা চালানো হয়েছে।
বলিউডের অত্যন্ত জনপ্রিয় এবং জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে এক বড় বিপর্যয় ঘটে গেছে। বিহারে নিজেদের পৈতৃক গ্রামে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে লাঠি ও লোহার রড দিয়ে প্রাণঘাতী হামলা চালানো হলো অভিনেতার দাদা বিজেন্দ্রনাথ তিওয়ারির ওপর। হামলায় তিনি গুরুতর জখম হয়েছেন।

বিহারের গোপালগঞ্জ জেলার বারৌলি থানার অন্তর্গত পঙ্কজ ত্রিপাঠীর পৈতৃক গ্রাম বেলসান্দে গত রবিবার রাতে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ঘটনার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।
জমি বিবাদের জেরে লাঠি-সোঁটা নিয়ে অতর্কিত হামলা
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বেলসান্দ গ্রামে জমি নিয়ে স্থানীয় কিছু লোকের সাথে বিজেন্দ্রনাথ তিওয়ারির বিবাদ চলছিল। রবিবার রাতে সেই বিবাদ চরম আকার ধারণ করে। একদল দুষ্কৃতী লাঠি, বাঁশ ও সোঁটা নিয়ে বিজেন্দ্রনাথবাবুর ওপর অতর্কিত ও প্রাণঘাতী হামলা চালায়। লাঠির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় পাটনায় স্থানান্তর
ঘটনার পর গভীর রাতেই পঙ্কজ ত্রিপাঠীর দাদাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ‘গোপালগঞ্জ মডেল হাসপাতালে’ নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং মাথায় ও শরীরে গুরুতর চোট থাকায় চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে পাটনার একটি বড় হাসপাতালে স্থানান্তর করেন। এই মুহূর্তে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
পুলিশের তৎপরতা এবং গ্রেফতারি
ঘটনার খবর পাওয়া মাত্রই গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার বিনয় তিওয়ারির নির্দেশে পুলিশ বাহিনী গ্রামে পৌঁছায়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ঘটনার সাথে জড়িত এক প্রধান অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছে এবং তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হচ্ছে।
পুলিশ সুপার বিনয় তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘অভিযুক্তদের একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ জমা পড়লে সেই অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেনি পরিবার
মির্জাপুর খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবার এই অত্যন্ত সংবেদনশীল ও দুঃখজনক ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে কোনও বিবৃতি দেয়নি বা মুখ খোলেনি। পঙ্কজ ত্রিপাঠী এই মুহূর্তে মুম্বইতে আছেন নাকি দাদার খবর পেয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


