Abhimaan: চলতি বছরের শুরুর দিকেই ঘোষণা করা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত অভিনীত ছবি ‘অভিমান’ আসছে। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াইট শো সিরিয়াসের হাত ধরে আসছে এই ছবি। এবার প্রকাশ্যে এল ছবির টিজার।
এই ছবিতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম 'আকাশ চট্টোপাধ্যায়’। এই ছবিতে নায়ককে একজন গায়কের ভূমিকায় দেখা যাবে। যিশুর চরিত্রের নাম ‘ঋষি চট্টোপাধ্যায়’। আর শুভশ্রী অভিনীত চরিত্রের নাম শ্রী। ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা। মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির টিজার।
টিজারের শুরুতে দেখা গিয়েছে, অন্ধকারে মাঝে স্পটলাইট আর হালকা ধোঁয়া তার মাঝেই ফুটে উঠছে আকাশ চট্টোপাধ্যায়ের অবয়ব। নেপথ্যে তখন জনতার উল্লাস আর যিশুর কন্ঠে আকাশের বর্ননা, 'একটা যুগ, একটা প্রজন্ম, একটা সময়ের নাম আকাশ চট্টোপাধ্যায়'। তারপর দেখা যায় আকাশকে ঘিরে তার ভক্তদের বাঁধভাঙা উল্লাস, অটোগ্রাফ, মঞ্চে মন মাতানো পার্ফরম্যান্স। তবে এরপরই হয় ছন্দপতন। উন্মাদনাকে পিছনে ফেলে দেয় একাকিত্বের নীরবতা। আর আকাশের মনোলগে না ভুলতে পারা দিনের কথা আর বিচ্ছেদের ব্যথা।
এরপরই জানা যায় অ্যাজাইমারে ভুগছে আকাশ। দেখা মেলে 'শ্রী'র। যাকে বিপদে আকড়ে ধরে বাঁচতে চায় আকাশ। তার গলায় ফুটে ওঠে অসহায় আর্তির, 'আমায় ছেড়ে যাবে না তো?' না ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি আর ভালোবাসা যত্নে আকাশ ভরে দেয় শ্রী। অন্যদিকে, এর সমান্তরালে চলতে থাকে ঋষির সঙ্গে শ্রীর সম্পর্কের সমীকরনের ওঠা পড়া। শেষ পর্যন্ত আকাশের অবলম্বন হয়েই কি শ্রী থেকে যাবে? নাকি ঋষি সঙ্গে মিলবে জীবন? সেই উত্তর মিলবে প্রেক্ষাগৃহে, ১৯ জুন। কারণ এই দিনই ছবিটি মুক্তি পেতে চলেছে।