‘অনেকদিন পর’ নিয়ে বাম নেতা বিমান বসুর কাছে প্রসেনজিৎ! আমন্ত্রণ বিজেপির রুদ্রনীল-শমীককেও
‘অনেকদিন পর’ দেখতে আসার জন্য বাম নেতা বিমান বসু, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও শমীক মীক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৌরভ পালোধি।
আপাতত ‘অভিমান’-এর সাফল্য চেটেপুটে উপভোগ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে যিশু-প্রসেনজিৎ-শুভশ্রীর রসায়ন ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। তারই মাঝে বিমান বসুর সঙ্গে দেখা করতে পৌঁছলেন অভিনেতা। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিমান বসু-র সঙ্গে প্রসেনজিতের দেখা করার উদ্দেশ্য ছিল ‘অনেকদিন পর’ ছবি দেখতে আসার জন্য বর্ষীয়ান বামনেতাকে আমন্ত্রণ জানানো। বিমান বসুর সঙ্গে দেখা করার সময় প্রসেনজিতের সঙ্গে ছিলেন ছবির পরিচালক সৌরভ পালোধি।
এই সাক্ষাতের ছবি শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখলেন, ‘বিমানদার সঙ্গে ‘অনেকদিন পর’ নিয়ে কিছুটা সময় কাটালাম। আমার সঙ্গে ছিলেন ছবির পরিচালক সৌরভ পালোধী।উনি এত সিনেমাপ্রেমী মানুষ, তাই ওনার মতো একজন মানুষকে আমাদের এই ছবি দেখাতে পারা আমার কাছে সত্যিই বিশেষ আনন্দের। ছবি মুক্তি পাচ্ছে ২৬ জুন।’ সৌরভ পালোধিও ছবিটি শেয়ার করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, ‘আমাদের ছবি 'অনেকদিন পর' এর প্রযোজক প্রসেনজিৎ চ্যাটার্জি কে নিয়ে বিমান দার সাথে দেখা করে এলাম। উনি এত সিনেমা দেখেন, ওনাকে কোনো সিনেমা দেখাতে পারলে আমার ব্যক্তিগত খুব আনন্দ হয়। ছবি মুক্তি ২৬ জুন।’
তবে বরাবরই নিজের অরাজনৈতিক অবস্থান ধরে রেখেছেন বর্ষীয়ান অভিনেতা। তাই বামেদের ঘরে যেমন নিজের প্রযোজিত ছবি দেখতে আসার আমন্ত্রণপত্র নিয়ে পৌঁছেছিলেন, তেমনই শাসকদল বিজেপি নেতাদেরও জানলেন আমন্ত্রণ। রুদ্রনীল ঘোষ ও শমীক ভট্টাচার্যকে জানালেন আমন্ত্রণ। ফেসবুকে লিখলেন, ‘অনেকদিন পর দেখার জন্য রুদ্র এবং শমীক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়ে এলাম। এখন অপেক্ষা ২৬ জুনের, যখন ছবিটি পৌঁছে যাবে আপনাদের সকলের কাছে।’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিবেদিত ও এনআইডিয়াস প্রোডাকশন প্রযোজিত ছবিটি মুক্তি পাবে জুনেই। চলতি মাসের ২৬ তারিখ মুক্তি পেতে চলেছে অনেকদিন পর। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই দাস। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন, চিত্রাঙ্গদা শতরূপা, বিমল গিরি, দরিয়া দাস পালোধী, দেবেশ রায় চৌধুরী, বুদ্ধদেব দাস, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায়, সীমা মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, সেঁজুতি মুখোপাধ্যায়, দীপক হালদার, শুভঙ্কর ঘটক, সুপর্ণা দাস।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


