Rakhi On Wangchuk: 'শহিদ হতে দেবেন না'— সোনম ওয়াংচুকের অনশন ঘিরে সরকারের কাছে রাখির কাতর আবেদন, তুলোধনা আমির খানকেও
সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন ঘিরে যখন দেশজুড়ে বিতর্ক তুঙ্গে, তখন তাঁর পাশে দাঁড়ানো হাতে গোনা বলিউড তারকাদের অন্যতম রাখি সাওয়ান্ত। শুধু সরকারের কাছে ওয়াংচুকের দাবি শোনার আবেদনই করেননি, 'থ্রি ইডিয়টস' প্রসঙ্গ টেনে আমির খানের মন্তব্যেরও কড়া সমালোচনা করেন রাখি।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোনম ওয়াংচুকের অনশনকে প্রকাশ্যে সমর্থন জানানো হাতে গোনা বলিউড তারকাদের মধ্যে অন্যতম রাখি সাওয়ান্ত। সম্প্রতি পাপারাজ্জিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি সরকারের কাছে অনুরোধ করেন, ওয়াংচুকের জীবন বিপন্ন হওয়ার আগেই যেন তাঁর দাবি গুরুত্ব দিয়ে শোনা হয়।

রাখি সাওয়ান্ত সোনম ওয়াংচুককে অনশন ভেঙে লড়াই চালিয়ে যাওয়ার আবেদনও জানান। তিনি বলেন, ‘সোনমজি, অনশন ভেঙে খান, সুস্থ থাকুন এবং লড়াই চালিয়ে যান। আপনি যদি জীবন উৎসর্গ করেন, পরে সবাই শুধু মোমবাতি মিছিলই করবে।’ অর্থাৎ, রাখি চান না ওয়াংচুক শহিদ হন; বরং সুস্থ থেকে আন্দোলন চালিয়ে যান।
আরও একটি ভিডিয়োতে রাখিকে বলতে শোনা যায়, ‘আমরা দিল্লিতে যাব, প্রয়োজনে আমরাও অনশন করব। সরকারের কাছে আবেদন, সোনমজির অনশন দ্রুত ভাঙানোর উদ্যোগ নিন।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই না সোনমজি শহিদ হন। তিনি দেশের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ কাজ করছেন। তাই সরকারের কাছে হাতজোড় করে আবেদন, দয়া করে তাঁর কথা শুনুন।’
শুধু সরকারকেই নয়, এই প্রসঙ্গে আমির খানের প্রতিও নিজের হতাশা প্রকাশ করেন রাখি। তাঁর অভিযোগ, সোনম ওয়াংচুককে না চেনার দাবি করে আমির অন্যায় করেছেন। রাখি বলেন, ‘আমিরজি, আপনার মন্তব্যে আমরা অত্যন্ত হতাশ। আপনি দাবি করেছেন, ‘থ্রি ইডিয়টস’ সোনমজিকে নিয়ে তৈরি হয়নি। অথচ ছবিটি সুপারহিট হয়েছে, বিপুল সাফল্য ও অর্থও এসেছে। কিন্তু এখন মনে হচ্ছে, আপনি সোনমজিকেই ভুলে গিয়েছেন।’
কয়েক দিন আগেও সংবাদমাধ্যমের সামনে আবেগঘন আবেদন জানিয়ে রাখি বলেছিলেন, ‘সোনমজি, আপনাকে হাতজোড় করে অনুরোধ করছি। আমি যন্তর মন্তরে এসে আপনার সঙ্গে দেখা করতে চাই। দয়া করে অন্যদের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন না। আপনি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’ তিনি আরও জানান, সুযোগ পেলে তিনি যন্তর মন্তরে গিয়ে ব্যক্তিগতভাবে ওয়াংচুককে অনশন ভাঙানোর চেষ্টা করবেন।
যদিও এখনও যন্তর মন্তরে পৌঁছাতে পারেননি রাখি সাওয়ান্ত, রবিবার আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন শাবানা আজমি ও প্রকাশ রাজ। পরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন পুনম পান্ডেও। এর আগে সোনি রাজদান, জিনাত আমান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, ওমি বৈদ্য, ইমরান খান, নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠক শাহ-সহ একাধিক বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোনম ওয়াংচুকের অনশন ও আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


