Ramayana Full Cast: অনুপম খের জটায়ু, রকুল শূর্পণখা, ! রণবীর-সাই-এর ‘রামায়ণ’-এ কে কোন চরিত্রে?
নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত 'রামায়ণ' মুক্তির আগেই চর্চায়। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল থেকে অনুপম খের— ছবির সম্পূর্ণ চরিত্র তালিকা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি জটায়ুর কণ্ঠ নিয়ে দীর্ঘদিনের জল্পনারও অবসান হয়েছে।
নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ শুধু বাজেট বা ভিএফএক্সের জন্যই নয়, বিশাল তারকাবহুল কাস্টের কারণেও আলোচনায়। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মারাঠি চলচ্চিত্র জগতের একাধিক তারকাকে এক ছাতার তলায় এনেছেন নির্মাতারা। দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ‘প্রথম সংকল্প’ অনুষ্ঠানে ছবির চার মিনিটের বিশেষ ঝলক এবং একটি কমিক বুক প্রকাশ করা হয়। সেখানেই একে একে সামনে আসে কোন অভিনেতা কোন পৌরাণিক চরিত্রে অভিনয় করছেন। একইসঙ্গে বহুদিনের একটি জল্পনারও অবসান ঘটে।

রাম-সীতা থেকে অযোধ্যার রাজপরিবার
ছবিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, আর মাতা সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। রামের অনুগত ভাই লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে। ভরত হচ্ছেন আদিনাথ কোঠারে, আর শত্রুঘ্নের চরিত্রে অভিনয় করছেন নীতীশ শর্মা।
রামের বাবা রাজা দশরথের ভূমিকায় দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় 'রাম' অরুণ গোভিলকে। কৌশল্যা চরিত্রে রয়েছেন ইন্দিরা কৃষ্ণান, কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত, সুমিত্রা চরিত্রে সোনাল ঝা এবং মন্থরার চরিত্রে অভিনয় করছেন সিবা চাড্ডা। এছাড়া ঋষি বশিষ্ঠ হয়েছেন শিশির শর্মা, আর বিশ্বামিত্র চরিত্রে রয়েছেন অজিঙ্ক্য দেও।
রাবণের পরিবারে যশ, কাজল ও রাকুল
রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার যশ। তাঁর স্ত্রী মন্দোদরীর ভূমিকায় রয়েছেন কাজল আগরওয়াল, আর রাবণের মা কৈকেসী চরিত্রে দেখা যাবে শোভনাকে।
রাবণের ভাই বিভীষণ চরিত্রে হরিশ উথামান, কুম্ভকর্ণ হয়েছেন ফয়জল মালিক। বিদ্যুজ্জিহ্ব চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়, আর শূর্পণখার ভূমিকায় দেখা যাবে রাকুল প্রীত সিংকে।
হনুমান সানি দেওল, জটায়ুর কণ্ঠে অনুপম খের
ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হনুমান হিসেবে দেখা যাবে সানি দেওলকে। এই কাস্টিং নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। এছাড়া ইন্দ্র চরিত্রে রয়েছেন কুনাল কাপুর, ঋষি অগস্ত্যর ভূমিকায় মুকেশ তিওয়ারি।
দিল্লির অনুষ্ঠানে আরেকটি বড় জল্পনারও অবসান হয়। এতদিন শোনা যাচ্ছিল অমিতাভ বচ্চন নাকি জটায়ুর কণ্ঠ দেবেন। তবে প্রকাশিত কমিক বুকে নিশ্চিত করা হয়েছে, জটায়ুর কণ্ঠ দিয়েছেন অনুপম খের। রাবণ ও জটায়ুর যুদ্ধের দৃশ্যকে ছবির অন্যতম বড় অ্যাকশন সিকোয়েন্স বলেও ইঙ্গিত দিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি।
মারীচ, তাড়কা-সহ একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রও প্রকাশ্যে
রামের বনবাসের প্রথম দিকের গুরুত্বপূর্ণ চরিত্রগুলিও প্রকাশ্যে এসেছে। মারীচ চরিত্রে অভিনয় করছেন সৌরভ সচদেবা, তাড়কার ভূমিকায় কাঞ্চন চেতন এবং সুবাহু চরিত্রে রয়েছেন পরমিন্দর ছাড্ডা।
এই চরিত্রগুলিই রাম ও লক্ষ্মণের প্রথম দিকের সংগ্রামের ভিত্তি তৈরি করবে, যা পরবর্তীতে লঙ্কা জয়ের বৃহত্তর কাহিনির দিকে গল্পকে এগিয়ে নিয়ে যাবে। প্রসঙ্গত, আগামী ২৪ জুলাই, ২০২৬ বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘রামায়ণ’-এর ট্রেলার। সেই ট্রেলারেই প্রথমবার একসঙ্গে এই বিশাল তারকাবহুল কাস্টকে তাঁদের পৌরাণিক চরিত্রে দেখতে পাবেন দর্শকরা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


