এলাকা পরিদর্শনে গিয়ে লোটে মাছ খেলেন রূপা! গন্ধ পেয়েই গেলেন গৃহস্থ বাড়িতে

এবার বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় করলেন এক অবাক করা কাণ্ড। এলাকা পরিদর্শনে বেরিয়ে গৃহস্থ বাড়ির লোটে মাছের গন্ধ পেয়ে রাস্তা থেকে বাড়িতে ঢুকে বসে পড়লেন খেতে।

Published on: Jun 12, 2026, 22:41:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিনোদন জগত হোক বা রাজনীতি সব ক্ষেত্রেই দাপুটে রূপা গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই রাজ্যে পালা বদল হয়েছে। জোড়া ফুলের পরিবর্তে ফুটেছে পদ্ম। আর সেই সঙ্গে ভোট যুদ্ধে জয়লাভ করেছেন রূপা গঙ্গোপাধ্যায়ও। এখন তিনি বিধায়ক। এবার বিধায়ক রূপাই করলেন এক অবাক করা কাণ্ড। এলাকা পরিদর্শনে বেরিয়ে গৃহস্থ বাড়ির লোটে মাছের গন্ধ পেয়ে রাস্তা থেকে বাড়িতে ঢুকে বসে পড়লেন খেতে।

এলাকা পরিদর্শনে গিয়ে লোটে মাছ খেলেন রূপা! গন্ধ পেয়েই গেলেন গৃহস্থ বাড়িতে
এলাকা পরিদর্শনে গিয়ে লোটে মাছ খেলেন রূপা! গন্ধ পেয়েই গেলেন গৃহস্থ বাড়িতে

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধীরা রাজ্যজুড়ে রটিয়ে দিয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসলে বাঙালিদের মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যেতে পারে। বাংলায় নাকি অবাঙালি সংস্কৃতি বাসা বাঁধবে। কিন্তু সেই বিজেপি ক্ষমতায় আসার পর বিধানসভার প্রথম দিনের অধিবেশনে মাছ-ভাত খাওয়ানো হয়েছিল।

শুধু কী তাই বিজেপি আসার পর মা-ক্যান্টিনের নাম বদলে হয় মা আহার। সেখানেও সপ্তাহে দু’দিন মাছের ব্যবস্থা। আর এবার এলাকা পরিদর্শনে বেরিয়ে লোটে মাছ খেলেন রূপা। সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। রূপা বলেন, ‘গন্ধটা দারুণ বেরোচ্ছিল। তাই আর লোভ সামলাতে পারিনি।’

তিনি বৃহস্পতিবার সেখানে গিয়েছিলেন এলাকা পরিদর্শনে। স্থানীয় বিজেপির কর্মীদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি। আর এর মাঝেই রাস্তা দিয়ে যেতে যেতে একটি বাড়ি থেকে লোটে মাছ রান্নার গন্ধ পান। তারপর সেই বাড়ির সামনে থমকে দাঁড়িয়ে পড়েন তিনি। সঙ্গে থাকা কর্মীদের থেকে জানতে চান কোন বাড়ি থেকে রান্নার গন্ধটা আসছে। তাঁরা কোন বাড়িতে রান্না হচ্ছে তা জানালে, জানলা দিয়ে রূপা নিজেই জিজ্ঞাসা করেন লোটে মাছ রান্নার ব্যাপারে। গৃহকর্ত্রী তাতে সায় দিলে তিনি জানান তিনি লোটে মাছ খেতে চান।

বিধায়ক রূপা লোটে মাছ খাওয়ার আবদার করলে তাকে ডেকে আপ্যায়ন করেন গৃহকর্ত্রী। তারপর সেই নিম্নবিত্ত বাড়িতে ঢুকেই লোটে মাছের তরকারি খাওয়ার জন্য চেয়ার পেতে বসে পড়েন। হাত ধুয়ে স্টিলের প্লেট আর চামচা নিয়ে খেতে বসেন বিধায়ক। ভাত ও লোটে মাছ খান। তৃপ্তি করে খাবার খান রূপা।