বড়দিনে পর্দায় আরজি করের ছায়া, বিজেপি নেতা শঙ্কুদেবের পরিচালনায় আসছে ‘অভয়া শক্তি’

কলকাতার বুকে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই ক্ষোভ, সেই প্রতিবাদ এবং ঘটনার অন্তরালে থাকা ‘অজানা সত্য’ এবার সেলুলয়েডে তুলে আনতে চলেছেন পরিচালক তথা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা

Published on: Jun 4, 2026, 08:59:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তিলোত্তমার বুকে ঘটে যাওয়া সেই নৃশংস আরজি কর কাণ্ড এবার রূপালি পর্দায়। খোদ কলকাতার বুকে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই ক্ষোভ, সেই প্রতিবাদ এবং ঘটনার অন্তরালে থাকা ‘অজানা সত্য’ এবার সেলুলয়েডে তুলে আনতে চলেছেন পরিচালক তথা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা । ছবির নাম রাখা হয়েছে ‘অভয়া শক্তি’। ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছেন টলিউডের অন্যতম আলোচিত প্রযোজক রানা সরকার।

বড়দিনের পর্দায় আরজি করের ছায়া, BJP-র শঙ্কুদেবের পরিচালনায় আসছে ‘অভয়া শক্তি’
বড়দিনের পর্দায় আরজি করের ছায়া, BJP-র শঙ্কুদেবের পরিচালনায় আসছে ‘অভয়া শক্তি’

রাজনৈতিক যোগ ও বিতর্কের আবহ

ছবিটি ঘিরে বিনোদন জগতের পাশাপাশি রাজনৈতিক মহলেও ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কারণ ছবির পরিচালক শঙ্কুদেব পণ্ডা বর্তমানে পদ্ম শিবিরের এক পরিচিত মুখ ও নেতা। আরজি করের ঘটনার পর থেকেই নির্যাতিতার বিচার চেয়ে এবং শাসকদলের বিরুদ্ধে পথে নেমে জোরালো আন্দোলন গড়ে তুলেছিল বিজেপি। অন্যদিকে, পোস্টার এবং ছবির নামকরণে রাখা হয়েছে ‘অভয়া’ শব্দটি— আরজি করের নির্যাতিতাকে ভালোবেসে, তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমজনতা ও আন্দোলনকারীরা যে নাম দিয়েছিলেন। এবার সেই ‘অভয়া’র লড়াই ও বিচার চাওয়ার প্রেক্ষাপটকেই রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন শঙ্কুদেব।

‘বরদাস্ত করার দম থাকতে হবে’

ছবির প্রথম পোস্টার (image.png) প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক চিকিৎসকের ব্যাক-প্রোফাইল, যার এক হাতে স্টেথোস্কোপের পাশাপাশি অন্য হাতে ধরা রয়েছে রুদ্রমূর্তিধারী এক ত্রিশূল। ছবির ট্যাগলাইনে লেখা— ‘She Cares. She Fights. She Empowers.’

পরিচালকের দাবি, এই ছবিতে এমন কিছু রাজনৈতিক সমীকরণ এবং আরজি কর কাণ্ডের নেপথ্যের বিস্ফোরক তথ্য তুলে ধরা হবে যা সাধারণ মানুষের ভাবনার অতীত। শঙ্কুদেবের কথায়,‘এই কাণ্ডের এমন সব অজানা তথ্য ছবিতে উঠে আসবে, যা বরদাস্ত করার দম থাকতে হবে দর্শকদের।’

বড়পর্দায় কবে?

প্রযোজক রানা সরকার বরাবরই চেনা ছকের বাইরে গিয়ে সমসাময়িক ও বাস্তবধর্মী বিষয়ে ছবি করতে ভালোবাসেন। তাঁর এই নতুন উদ্যোগ টলিউডে কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের ‘বড়দিনে’ (ক্রিসমাস) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘অভয়া শক্তি’। বিনোদন দুনিয়ার মতে, শীতের মরশুমে এই ছবি বক্স অফিসের পাশাপাশি রাজনৈতিক পারদও বেশ কয়েক ডিগ্রি বাড়িয়ে দেবে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More