Sourav-Suvosmita: ‘তোর বুকেতেই পেতে…’, শুভস্মিতার হাত ধরলেন সৌরভ, দীপ-ঝাঁপির শুভদিনে সামিল গোটা পরিবার!

Sourav-Suvosmita: অতীত ভুলে নতুন শুরু সৌরভের। শুভস্মিতার হাত ধরলেন মধুমিতার প্রাক্তন। এনগেজমেন্টের আসরে হাজির লক্ষ্মী ঝাঁপি পরিবার।

Published on: May 20, 2026, 17:58:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলিপাড়ার অলিতে-গলিতে তাঁদের প্রেমের গুঞ্জন ফিসফাস আকারে ঘুরছিল অনেকদিন ধরেই। ক্যামেরার লেন্স এড়িয়ে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যেত তাঁদের। তবে সেই প্রেম যে এত তাড়াতাড়ি ছাদনাতলার দিকে এগোবে, তা বোধহয় আন্দাজ করতে পারেননি অতি বড় অনুরাগীরাও। সবাইকে কার্যত চমকে দিয়ে, কোনও আগাম ঘোষণা বা জাঁকজমক ছাড়াই একেবারে চুপিচুপি নিজেদের শুভ কাজটা সেরে ফেললেন ছোটপর্দার এই জনপ্রিয় তারকা জুটি! গত ১০ মে এক্কেবারে গোপনে বাগদান ও আর্শীবাদ পর্ব সেরে ফেলেছেন সৌরভ-শুভস্মিতা।

‘তোর বুকেতেই পেতে…’, শুভস্মিতার হাত ধরলেন সৌরভ, দীপ-ঝাঁপির পাশে গোটা পরিবার!
‘তোর বুকেতেই পেতে…’, শুভস্মিতার হাত ধরলেন সৌরভ, দীপ-ঝাঁপির পাশে গোটা পরিবার!

গোপন অনুষ্ঠানে ‘লক্ষ্মী ঝাঁপি’র টিম:

সম্পূর্ণ ঘরোয়া আবহে এই অনুষ্ঠানটি হলেও সেখানে হাজির ছিল লক্ষ্মী ঝাঁপি পরিবার। চুপিচুপি হওয়া এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে চাঁদের হাট বসিয়েছিলেন ধারাবাহিকের সদস্যরা! জুটির এই স্পেশাল দিনে আনন্দের জোয়ার আনতে সেটে দিনরাত খাটনি করা পর্দার পেছনের কলাকুশলী থেকে শুরু করে সহ-অভিনেতা—অর্থাৎ গোটা টিম উপস্থিত থেকে নতুন জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ক্যামেরার সামনের অন-স্ক্রিন রসায়নের পর অফ-স্ক্রিনেও যে পুরো টিম একটা বড় পরিবার, এই গোপন অনুষ্ঠান যেন আরও একবার তা প্রমাণ করে দিল। মল্লিকা মজুমদার, সৌমি চক্রবর্তী, দেবজ্যোতি, শ্রীপর্ণা রায় থেকে ভাবনা-সহ গোটা পরিবার এদিন সামিল সৌরভ-শুভস্মিতার আনন্দে।

জমাটি খাওয়া দাওয়া দীপ-ঝাঁপির এনগেজমেন্টে
জমাটি খাওয়া দাওয়া দীপ-ঝাঁপির এনগেজমেন্টে

উপস্থিত ছিলেন প্রিয়জনেরা, ভাইরাল ছবি:

টেলিপাড়ার এই রূপকথার মতো মুহূর্তের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, কাছের বন্ধুবান্ধব এবং টলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব। চুপিচুপি সারলেও, বিয়ের আংটি বদলের এই মিষ্টি খবর ও ছবি এখন নেটপাড়ায় আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এদিন খাওয়া-দাওয়ার আয়োজনও ছিল জম্পেশ। বাঙালি মেনুতেই ভরসা রেখেছিলেন সৌরভ-শুভস্মিতা। পোলাও-মাংস থেকে মিষ্টি দই, এক্কেবারে জমজমাট ভুরিভোজ।

সোশ্যাল মিডিয়ায় শুভস্মিতা সৌরভের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, 'মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে আমার মনে হয়, জন্মের আগে থেকেই আমি তোমায় ভালবেসে এসেছি।' নায়িকা আরও লেখেন, 'তোমার চোখে আমি আমার ঘর খুঁজে পেয়েছি। সৌরভ, আজ, আগামীকাল আর চিরকালের জন্যই... তুমি আমার।'

কম যাননি সৌরভও। তিনিও শুভদিনের মিষ্টি ছবি শেয়ার করে লেখেন, ‘সারা পৃথিবী হিরোশিমা হয়ে গেলেও, তোর বুকেতেই পেতে রাখব কান। যে সব পোকারা পথ হারিয়েছে একা তারাও জানে ঘরে ফেরার গান …’।

বিয়ের পাকা কথা হয়ে গিয়েছে, এনগেজমেন্ট ডান। তবে এখনই সাত পাক ঘুরবেন না সৌরভ-শুভস্মিতা। মেগার শ্যুটিং সামলে বিয়ের আয়োজন একটু ঝামেলার। তাই সিরিয়াল শেষ হলেই নাকি ছাদনাতলায় বসবেন দুজনে, জানা যাচ্ছে এমনটাই।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More