প্রথম সপ্তাহেই দুর্দান্ত ফল করে স্বস্তিকা দত্ত অভিনীত ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বৃহস্পতিবার টিআরপি তালিকা বের হতেই দেখা যায়, টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি।
প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় দুর্দান্ত ফল স্বস্তিকা দত্ত অভিনীত ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বৃহস্পতিবার টিআরপি তালিকা বের হতেই দেখা যায় দাদামণির থেকে স্লট অচিরেই ছিনিয়ে নিয়েছে ' প্রফেসর বিদ্যা ব্যানার্জি।'
শুধু তাই নয়, এই সপ্তাহে দুটি স্থানে রয়েছে ব্লুজ প্রযোজনা সংস্থার ধারাবাহিক। ‘পরশুরাম’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। টিআরপি লিস্টে প্রথম সপ্তাহেই বাজিমাত করেছে বিদ্য়া, সেই নিয়ে অবশ্য স্বস্তিকার সঙ্গে যোগাযোগ করা হলে মুখ খুলতে না-রাজ নায়িকা। যদিও উচ্ছ্বসিত ধারাবাহিকের নায়ক অর্ণব বন্দ্যোপাধ্যায়।
হিন্দুস্তান টাইমস বাংলাকে অর্ণব বলেন, ‘আমি ভীষণ উচ্ছ্বসিত। খুবই ভালো লাগছে। আলাদা করে বলার ভাষা নেই। সবাই খুব চেষ্টা করেছিল, তবে এত ভালো ফল আশা করিনি আমি নিজেও। আমার ভীষণ ভালো লাগছে।’
সেটে সেলিব্রেশন নিয়ে প্রশ্ন করায় অর্ণব বলেন, ‘এত খুশির দিন তাই সেলিব্রেশন হবেই। তবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে দর্শকদের।’
স্বস্তিকার সঙ্গে কাজ করা নিয়ে অর্ণব বলেন, ‘আমরা একসঙ্গে আগে কাজ করিনি ঠিকই কিন্তু একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি। বিভিন্ন ইভেন্টে আমরা একসঙ্গে দেখা করেছি অনেকবার। ওর সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে। ও খুবই ভালো সহকর্মী।’
অর্ণব আরও বলেন, ‘স্নেহাশীষদার (প্রযোজক, কাহিনিকার) সঙ্গে আমার এই প্রথম কাজ। আমার এই চরিত্রটা ভীষণ ভালো লেগেছে আর গল্পটাও ভীষণ ভালো লেগেছে তাই এই কাজটা করে আমার আরও আনন্দ হচ্ছে। এই গল্পের প্রতিটি মোড়ে এমন অনেক সারপ্রাইজ আছে যা ধীরে ধীরে জানতে পারবে দর্শকরা। এখনই সেসব বলতে পারব না আমি।’
তবে শুধু অর্ণব একা নন, বিদ্যা অর্থাৎ স্বস্তিকাও দারুণ খুশি এই সাফল্যে। ফেসবুকে তিনি লেখেন, ‘টেলিভিশন ইন্ডাস্ট্রি আজ ব্লুজ-ময়। দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।’ বোঝাই যাচ্ছে শুধু নিজের ধারাবাহিক নয়, গোটা প্রযোজনা সংস্থার এই সাফল্যে ভীষণ খুশি স্বস্তিকা।
প্রসঙ্গত, এই ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের সৌমিক বসু। রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়। তিনি এই সিরিয়ালে নায়কের কাকার চরিত্রে অভিনয় করছেন, যিনি সব সমস্যার নিমেষে সমাধান করতে পারেন।