রবিবার শুভশ্রী নিজেই তাঁর ‘দেশু ৭’-এর ঝলক শেয়ার করে নিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নায়িকা একটি ছবি শেয়ার করেন সেখানে তাঁর হাতের ছবি দেখা যায়। সেখানে 'দেশু ৭' হ্যাশট্যাগ দেওয়া ছিল। সঙ্গে লেখা ছিল 'ডে ২' অর্থাৎ দ্বিতীয় দিন। তবে তাঁর পুরো লুক এখনও প্রকাশ্যে আসেনি। সেই লুক কেমন হয়, তা দেখার জন্য ‘দেশু’ অনুরাগীরাও অপেক্ষায়।
প্রসঙ্গত, গত বছর অগস্টে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমেকেতু' মুক্তি পেয়েছিল। ছবিটির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। তারপর নানা কারণে ছবিটি আর মুক্তি পায় না। এরপর শুভশ্রী আর দেবকেও একসঙ্গে আর কোনও ছবিতে কাজ করতে দেখা যায়নি। তাই প্রায় ১০ বছর পর এই জুটির ছবি সকলের মধ্যে অনেকটা প্রত্যাশা তৈরি করেছিল। তারপর দেব-শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রচার করতে দেখা যায়। তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। শুধু তাই নয় নৈহাটির বড়মার মন্দিরে পুজোও দিতে যান একসঙ্গে। সবটাই দেশু ফ্যানেদের জন্য একটা স্বপ্নের মতো ছিল।
কিন্তু তারপর হঠাৎই ছন্দপতন হয়। দেব এক সাক্ষাৎকারে, 'শুভশ্রী দুই সন্তানের মা তাই তাঁর মুখের সারল্য হারিয়ে গিয়েছে' মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। তারপর তাঁর সেই কথার জবাবও দেন নায়িকা। এরপর সেখানে পাল্টা যুক্তি দেন নায়ক। আর সবটা মিলিয়ে বেশ জলঘোলা হয়। তারপর আবার একসঙ্গে কোনও ছবিতে দেখার আশা দেশু অনুরাগীরা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন।
শুভশ্রীর স্টোরি
তবে এর মাঝেও শুভশ্রীকে নানা অনুষ্ঠানে বলতে শোনা যেত তিনি যদি ভালো চিত্রনাট্য পান তাহলে অবশ্যই দেবের সঙ্গে কাজ করবেন। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে ফের একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখান থেকে অনেকেই আন্দাজ করেন তাঁদের মধ্যকার সমস্যা দূর হয়েছে, আর দেবও এক সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দেন। সেখানেই দেব শুভশ্রীকে তাঁর সঙ্গে ফের জুটি বাঁধার প্রস্তাব দেন। রাজি হয়ে যান নায়িকাও।