Swastika Mukherjee: ‘ডিপ্লোমেসি বা পলিটিক্যালি কারেক্ট থাকা…’, কেন রাজনীতি হবে না তাঁর দ্বারা? খোলসা করলেন স্বস্তিকা
বাংলার রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গে, বদলেছে জি বাংলার দিদি নম্বর ১-এর সঞ্চালিকাও। অনেকেরই ধারণা, অভিনেত্রী এখন বিজেপি-র গুড বুকে। ভবিষ্যতে কি স্বস্তিকার রাজনীতিতে নামারও কোনো সম্ভাবনা আছে? মুখ খুললেন টিভির ‘নতুন দিদি’।
বর্তমানে দিদি নম্বর ১-এর সঞ্চালিকার আসনে দেখা যাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যদিও এতদিন এই দায়িত্ব পালন করে এসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো-এর সঞ্চালক বদলের ঘটনাটি ঘটে, বাংলায় যখন রাজনৈতিক পালা বদল হয়েছে। টিএমসি-র একসময়ের সাংসদ রচনা যদিও এখন দল বদলে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিয়েছেন। যা ভারতীয় জনতা পার্টির (BJP) নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটের একটি অন্যতম প্রধান সমর্থক এবং শরিক দল।

এদিকে, এই সময় বিতর্কে ঘিরে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তাঁর নামে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। এফআইআর হয়। সেই বিতর্কের মাঝেও তাঁর ঝুলিতে আসে দিদি নম্বর ১। ফলে অনেকেরই এখন ধারণা, বুঝি বা বিজেপি-র গুড বুকে আছেন বর্তমানে স্বস্তিকা। ফলত প্রশ্ন উঠছে, এবার কি তাহলে রাজনীতিতে যোগ দেবেন টলিউডের এই দুঁদে অভিনেত্রী?
যদিও সেই সম্ভাবনা হাওয়ায় ওড়ালেন জি বাংলার ‘নতুন দিদি’। তাঁর দাবি, ডিপ্লোমেসি বা পলিটিকালি কারেক্ট থাকার যে গুণ দরকার রাজনীতি করতে, তা নেই তাঁর মধ্যে। এই কারণে তাঁর দ্বারা হবে না!
বর্তমানকে স্বস্তিকা বললেন, ‘এটা তো বলতে পারব না যে রাজনীতি বুঝি না, কারণ পশ্চিমবঙ্গে যারা থাকে তারা সবাই রাজনীতি বোঝে। আমাদের রন্ধে রন্ধে, রক্তে মিশে আছে রাজনীতি। বুঝি নিশ্চয়ই, কিন্তু রাজনীতিতে নাম লেখানোর মতো যোগ্যতা আমার আছে বলে মনে করি না।’
ব্যাপারটা আরও বিস্তারে বুঝিয়েও বলেন অভিনেত্রী। জানান, ‘কারণ প্রথম যেটা তোমাকে হতে হবে, তা হল পলিটিকালি কারেক্ট। আর আই অ্যাম কমপ্লিটলি পলিটিক্যালি ইনকারেক্ট একজন মানুষ। বুঝে কথা বলা, ডিপ্লোমেসি বা যেগুলো রাজনীতির একদম প্রাথমিক মাপকাঠি, আরও নিশ্চয়ই হাজার হাজার ব্যাপার আছে, সেইসব ব্যাপারে আমার জ্ঞান কম। বুঝে কথা বলাটা, বা সময়-জায়গা দেখে কথা বলাটা, বা সবার কাছে ভালো থাকব এইভাবে কথা বলাটা এতদিন যখন হয়নি আমার, এই জীবৎকালে আর হবে বলে তো মনে হয় না। অত চাপ নিতেও চাই না।’
দিদি নম্বর ১-এর সঞ্চালিকা হিসেবে ইতিমধ্যেই অবশ্য দর্শকদের মন জয় করে নিয়েছেন স্বস্তিকা। জানিয়েছেন, প্রথমে এই অফার পেয়ে তিনি বেশ ভয় পেয়েছিলেন এবং ভেবেছিলেন কেউ তাঁর সঙ্গে ইয়ার্কি করছে। তবে নিজের চেনা ছন্দের বাইরে এসে এই নতুন ইনিংস বেশ উপভোগও করছেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


