Berlin Durga Puja 2026: ৬৬ বছর ধরে বার্লিনেই থাকেন পুরোহিত, প্রতিমা কুমোরটুলির- জার্মানিতেও কুমারী পুজো
Berlin Durga Puja 2026: জার্মানির বার্লিনের এই দুর্গাপুজো এখন বাঙালিদের মিলনক্ষেত্র হয়ে উঠেছে। পুরোহিত ৬৬ বছর ধরে বার্লিনেই থাকেন। এই কুমারী পুজোও হবে। তাছাড়া পুজোর কয়েকদিন ভোগের ব্যবস্থা থাকে। এবার হবে বিশেষ পারফরম্যান্সও।
Berlin Durga Puja 2026: প্রবাসের বাঙালি সংস্কৃতির শিকড়কে আঁকড়ে ধরে রেখে জার্মানির মাটিতে আবারও এক টুকরো বাংলা ফিরিয়ে আনতে চলেছে ইগনাইট ই.ভি.। ওই সংগঠনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বার্লিনের সবচেয়ে বড় দুর্গাপুজো- ‘বার্লিন সর্বজনীন দুর্গোৎসব ২০২৬’। টানা ছয়দিন ধরে গণেশ মন্দির অনুষ্ঠিত হবে এই পুজো। ষষ্ঠ বছরে পদার্পণ করা এই পুজো এখন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ইউরোপের মাটিতে প্রবাসী বাঙালি ও ভিনদেশি সংস্কৃতিপ্রেমীদের এক জমজমাট মিলনমেলায় পরিণত হয়েছে।

ছয়দিনের পূর্ণাঙ্গ উৎসব ও ঐতিহ্যের ছোঁয়া
অনেক ক্ষেত্রেই বিদেশের পুজোগুলি কেবল সপ্তাহান্তে বা দু'তিন দিনে সীমাবদ্ধ থাকলেও বার্লিনের এই দুর্গাপুজো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যাবতীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। আয়োজকদের মতে, এ বছর প্রায় ৭,০০০ দর্শনার্থীর সমাগম ঘটবে। পুজো ঘিরে একেবারে উৎসবের আবহ তৈরি হয়। এবারের অন্যতম প্রধান আকর্ষণ হল প্রতিদিনের সুস্বাদু খাবারের আয়োজন। ছ'দিন ধরেই সকল সদস্যের জন্য দুপুরের ও রাতের খাবারের সুব্যবস্থা রাখা হয়েছে।
কুমোরটুলির প্রতিমা ও বার্লিনের নিজস্ব পুরোহিত
পুজোর অন্যতম আকর্ষণ হলো কলকাতার ঐতিহ্যবাহী কুমারটুলি থেকে নিয়ে আসা প্রতিমা। বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পালের হাতে তৈরি এই প্রতিমা প্রবাসের বুকে খাঁটি বাঙালিয়ানার আমেজ ফুটিয়ে তোলে। অন্যদিকে, এই পুজোর পুরোহিত মহাশয়ও বেশ চমকপ্রদ—তিনি ১৯৬০ সাল থেকেই বার্লিনে বসবাস করছেন এবং দীর্ঘকাল ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই প্রথা রক্ষা করে চলেছেন। তাছাড়া কুমারী পুজোও হবে। সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে পুরোদমে।
সাংস্কৃতিক মেলবন্ধন ও লক্ষ্মীছড়ার লাইভ কনসার্ট
কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, এই সর্বজনীন দুর্গোৎসব হয়ে উঠেছে সংস্কৃতির এক মস্ত বড় মঞ্চ। প্রতিদিন সদস্য এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এ বছরের সবচেয়ে বড় আকর্ষণ হলো অষ্টমী রাতে (১৮ অক্টোবর) বাংলার জনপ্রিয় রক ব্যান্ড ‘লক্ষ্মীছড়া’-র লাইভ পারফরম্যান্স। জার্মানিতে এটি এই বিখ্যাত ব্যান্ডের প্রথম পরিবেশনা, যা ঘিরে প্রবাসী বাঙালিদের উন্মাদনা এখন তুঙ্গে। এছাড়া তিন দিনব্যাপী এক বিশাল ফুড ফেস্টিভ্যালে ভারতীয় ও বাঙালি খাবারের সমাহার থাকবে।
সর্বভারতীয় ও আন্তর্জাতিক রূপ
ইগনাইট ই.ভি'র এই আয়োজন আজ শুধু বাঙালির গণ্ডিতে সীমাবদ্ধ নেই, এটি এক সত্যিকারের সর্বভারতীয় উৎসবের রূপ নিয়েছে। জাতি, ধর্ম নির্বিশেষে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ এখানে আমন্ত্রিত। বুলগেরিয়ার মতো দেশ থেকেও স্বেচ্ছাসেবকরা এই পূজার প্রস্তুতিতে হাত লাগান, যা এর আন্তর্জাতিক চরিত্রকে ফুটিয়ে তোলে। পাশাপাশি, ভারতীয় দূতাবাসের বিশিষ্ট কূটনীতিবিদরাও সেই উৎসবে আসেন।
২০২০ সালে প্রতিষ্ঠিত ‘ইগনাইট ই.ভি.’ আজ জার্মানির মাটিতে শুধু দুর্গাপুজো নয়, বরং কালীপুজো, সরস্বতী পুজো, দীপাবলি ও পয়লা বৈশাখের মতো নানা আয়োজনের মাধ্যমে ভারতের সমৃদ্ধ সংস্কৃতিকে টিকিয়ে রাখার এক অনন্য অগ্রদূত। প্রবাসীর বুকে ঘরছাড়ার নস্টালজিয়া কাটাতে এবং নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরতে বার্লিন সর্বজনীন দুর্গোৎসব আজ মাইকফলক হয়ে উঠেছে।
E-Paper

