Indian Seafarers Dead: ইউক্রেন উপকূলে জাহাজে হামলায় ৪ ভারতীয় নাবিকের মৃত্যুতে রাশিয়ার কূটনীতিককে তলব করল ভারত

মঙ্গলবার নয়াদিল্লিতে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কেন্দ্র সরকার। এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

Published on: Jul 21, 2026, 11:54:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইউক্রেনের ওডেসা উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করল ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কেন্দ্র সরকার। এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

নয়াদিল্লিতে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কেন্দ্র সরকার। (HT_PRINT)
নয়াদিল্লিতে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কেন্দ্র সরকার। (HT_PRINT)

রবিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা বন্দর থেকে রওনা দেওয়ার সময় গিনি-বিসাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি গোল্ডেন লিও’ (MV Golden Leo) ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের দাবি, রাশিয়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে এই হামলা চালায়। হামলার জেরে জাহাজে ভয়াবহ আগুন ধরে যায়।

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনায় চার ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আরও এক ভারতীয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জাহাজে মোট ১৭ জন নাবিক ছিলেন। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন নয়জন নাবিক এবং বন্দরের এক ইউক্রেনীয় পাইলট। মোট মৃতের সংখ্যা ১০।

বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে কোনও দেশের নাম উল্লেখ না করলেও বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নিরীহ নাবিকদের জীবন বিপন্ন করা, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো এবং আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো উচিত বলেও জানিয়েছে ভারত।

এই ঘটনার পরই মঙ্গলবার রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে ভারত। সরকারি সূত্রের খবর, ভারত এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে এবং নিহত ভারতীয়দের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনও হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যু হল। এর আগে হরমুজ প্রণালীতে ইরান ও মার্কিন হামলার ঘটনাতেও একাধিক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছিল। সেই সময়ও সংশ্লিষ্ট দেশগুলির কাছে কড়া প্রতিবাদ জানিয়েছিল ভারত সরকার।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এমভি গোল্ডেন লিও-র মালিক মুম্বই-ভিত্তিক সংস্থা ওশেন গ্রেস শিপিং লিমিটেড। জাহাজটিতে ভারতীয় ও সিরীয় নাবিকরা কর্মরত ছিলেন। ইউক্রেনের অভিযোগ, সাম্প্রতিক সপ্তাহগুলিতে ওডেসা অঞ্চল এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রফতানি করিডরকে বারবার লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। বিশেষ করে রোমানিয়া ও বুলগেরিয়ার উপকূল ধরে তুরস্কমুখী বিদেশি বাণিজ্যিক জাহাজগুলিকেও নিশানা করা হচ্ছে বলে অভিযোগ।

ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলার কড়া নিন্দা করে বলেন, এটি একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজ ছিল, যেখানে বিভিন্ন দেশের নাবিকরা কাজ করছিলেন। তাঁর অভিযোগ, রাশিয়া কোনও দেশের নাগরিকের প্রাণহানির তোয়াক্কা করছে না।

চার ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে ভারত সরকার। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বানও জানিয়েছে নয়াদিল্লি। বর্তমানে এই হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং আহত ভারতীয় নাবিকের চিকিৎসার উপরও নজর রাখছে ভারতীয় দূতাবাস।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More