Siliguri Highway Corridor and Bridge: তিস্তায় ব্রিজ, শিলিগুড়িতে হাইওয়ে করিডর- চিকেনস নেকের কাছে ৬৩,০০০ কোটির কাজ আসছে
Siliguri Highway Corridor and Bridge: তিস্তার উপরে ব্রিজ, শিলিগুড়িতে হাইওয়ে করিডর - চিকেনস নেক তথা শিলিগুড়ি করিডরের কাছে দুই মেগা প্রকল্পের জন্য প্রায় ৬৩,০০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। দুটি প্রকল্পই খুব গুরুত্বপূর্ণ।
Siliguri Highway Corridor and Bridge: শিলিগুড়ি-গুয়াহাটি-শিলং হাইওয়ে করিডর তৈরি করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি জানিয়েছেন, দুটি ভাগে ৬১,৫০০ কোটি টাকার সেই হাইওয়ে করিডর তৈরি করা হবে। প্রথম ভাগে তৈরি করা হবে শিলিগুড়ি থেকে গুয়াহাটি থেকে ৪০০ কিলোমিটার হাইস্পিড করিডর। দ্বিতীয় ভাগে গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত সেই হাইওয়ে করিডর এগিয়ে যাবে। আর তারইমধ্যে সেবকে করোনেশন ব্রিজের বিকল্প সেতুর জন্য ১,১৭৫.৫৯ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। আর দুটি প্রকল্পের ফলেই শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের নিরাপত্তা আরও মজবুত হবে।

বিকল্প করোনেশন ব্রিজের মেগা পরিকল্পনা
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, সেবকে তিস্তা নদীর উপরে ছয় লেনের করোনেশন সেতুর সেই বিকল্প ব্রিজ তৈরি করা হবে। ৬.৯১ কিলোমিটার দীর্ঘ সেই সেতু দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে। কারণ করোনেশন ব্রিজ যথেষ্ট ‘বয়স্ক’ হয়ে গিয়েছে। বাড়তি চাপ সামলানো দিন-দিন কঠিন হয়ে উঠছে। সেই পরিস্থিতিতে বিকল্প করোনেশন ব্রিজ অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
গডকড়ি জানিয়েছেন, প্রস্তাবিত বিকল্প করোনেশন ব্রিজের পরে শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের সঙ্গে সিকিম এবং অন্যান্য উত্তর-পূর্ব ভারতের রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে। মানুষের চলাচল যেমন সুবিধাজনক হবে, তেমনই সহজে ভারতীয় সেনা যাতায়াত করতে পারবে। উন্নত মানের ব্রিজ তৈরি করা হওয়ায় যাতায়াতের সময় কমবে। ফলে স্থানীয় অর্থনীতিরও লাভ হবে বলে আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
শিলিগুড়ি থেকে হাইস্পিড করিডরের ঘোষণা
আর সেই ঘোষণার আগে কেন্দ্রীয় মন্ত্রী আরও একটি মেগা প্রকল্পের ঘোষণা করেছেন। একটি কনক্লেভ থেকে তিনি বলেছেন, ‘আমি একটাই রাস্তা তৈরি করছি। শিলিগুড়ি-গুয়াহাটি, গুয়াহাটি-শিলং। মোট দৈর্ঘ্য ৬৩০ কিলোমিটার। প্রকল্পের খরচ ধরা হয়েছে ৬১,৫০০ কোটি টাকা। শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত হাইস্পিড করিডর হবে। ৪০০ কিলোমিটারের জন্য ৩০,০০০ কোটি টাকা - এটা অনুমোদন পাওয়ার পর্যায়ে আছে। সেটা হয়ে যাবে।’
পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ভাগে যে গ্রিনফিল্ড সেকশন আছে, সেটার ফলে দূরত্ব কমে ৬৬ কিলোমিটার হয়ে যাবে। এখন ওই পথের দূরত্ব ১০০ কিমির মতো। একধাক্কায় দূরত্ব কমে যাওয়ায় যাতায়াতের সময়ও দেড় ঘণ্টার মতো কমে যাবে। আড়াই ঘণ্টার রাস্তা যেতে মেরেকেটে লাগবে এক ঘণ্টা।
শিলং থেকে শিলচরও যুক্ত হবে
তবে সেখানেই নয়, তৃতীয় ভাগে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে ওই করিডরকে। ওই পর্যায়ে শিলং থেকে শিলচর পর্যন্ত ১৬৫ কিমি দীর্ঘ গ্রিনফিল্ড করিডরের ওয়ার্ড অর্ডার জারি করা হবে আগামী নভেম্বরে। গডকড়ি জানিয়েছেন, ওই প্রকল্পের ফলে ২৩০ কিমির রাস্তার দৈর্ঘ্য কমে ১৬৫ কিমি হয়ে যাবে। ফলে এখন যে রাস্তাটা যেতে আট ঘণ্টা লাগে, সেটা আগামিদিনে চার ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


