Balochistan: বালোচিস্তানে ফের রক্তক্ষয়ী হামলা, যাত্রীবাহী বাসে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা; অনির্দিষ্টকালের জারি কার্ফু
মাস্তাং জেলার খুড় কোচায় (Khud Kocha) করাচিগামী একটি যাত্রীবাহী বাসে এলোপাথাড়ি গুলি চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। এই হামলায় অন্তত তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন। একই দিনে বিস্ফোরণে কোয়েটা-করাচি জাতীয় সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।
Balochistan Latest Update: পাকিস্তানের অশান্ত বালোচিস্তান প্রদেশে ফের বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মাস্তাং জেলার খুড় কোচায় (Khud Kocha) করাচিগামী একটি যাত্রীবাহী বাসে এলোপাথাড়ি গুলি চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। এই হামলায় অন্তত তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন। একই দিনে বিস্ফোরণে কোয়েটা-করাচি জাতীয় সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই সঙ্গে পাকিস্তানি সেনার একটি কনভয়ের ওপর বালোচ লিবারেশন আর্মি হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। পরপর এই দুই ঘটনার পর পুরো এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে পাকিস্তানের প্রশাসন।

বালোচিস্তান স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাত ৯টা থেকে খুড় কোচায় কার্ফু কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে, কারফিউ ভাঙলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি পরিবহণ সংস্থার বাস কোয়েটা থেকে করাচির উদ্দেশে যাচ্ছিল। খুড় কোচার গারো এলাকায় পৌঁছতেই পাহাড়ের উপরে ওত পেতে থাকা সশস্ত্র হামলাকারীরা বাসটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। আচমকা হামলায় বাসের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তিনজন যাত্রীর মৃত্যু হয় এবং পাঁচজন গুরুতর জখম হন।
খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মস্তাং জেলা সদর হাসপাতালে ভর্তি করে। নিহতদের দেহ আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।
এদিকে একই দিনে খুড় কোচার অঞ্জরি এলাকায় কোয়েটা-করাচি জাতীয় সড়কের একটি সেতুর নিচে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে সেই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক ঘণ্টার জন্য কোয়েটা-করাচি জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যদিও এই বিস্ফোরণে কোনও প্রাণহানির খবর মেলেনি।
সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় সড়কের দু'দিকে বাস, ট্রাক এবং অন্যান্য গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। পরে প্রশাসন বিকল্প ব্যবস্থা করে ছোট গাড়ি চলাচলের অনুমতি দেয়। নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের খুঁজতে অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টাতেই মস্তাং ও সুরাব জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে ১০ জন জঙ্গিকে নিকেশ করেছে বলে দাবি জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাশাপাশি দু'জন মহিলা আত্মঘাতী জঙ্গি এবং তাদের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে বালোচিস্তানে জঙ্গি হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি মাসের শুরুতে জিয়ারাত জেলার একটি পুলিশ পোস্টে হামলা চালিয়ে ২৭ জন পুলিশ সদস্যকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। এরপর থেকেই জঙ্গিদের বিরুদ্ধে 'অপারেশন শাবান' নামে বড় অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বালোচিস্তানে সন্ত্রাসবাদ, অপহরণ এবং নাশকতার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জঙ্গি সংগঠনগুলিকে দমন করা পাকিস্তান সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


