Bangladesh 1st Electric Train: বাংলাদেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে! ভারতের ১০০ বছর পরে, পাকিস্তানে চলেছে কবে?
Bangladesh 1st Electric Train: বৈদ্যুতিক ট্রেন চলবে বাংলাদেশে - এখনও বাংলাদেশের সেই স্বপ্নপূরণের জন্য কয়েক বছর লাগবে। তারইমধ্যে জেনে নিন যে ভারতে প্রথম কবে ইলেকট্রিক ট্রেন চলেছিল। পাকিস্তানে কবে চলেছিল?
Bangladesh 1st Electric Train: দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালু হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে বিদ্যুতের মাধ্যমে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরের মধ্যে ৫২ কিলোমিটার রুটে সেই বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩১ সালের ৩০ জুনের মধ্যেই সেই ট্রেন ছুটবে।

পরিকাঠামো তৈরি করতে হবে, মেগা প্রকল্পের ঋণ
আর স্বভাবতই একলপ্তে বাংলাদেশের সর্বত্র বিদ্যুতের মাধ্যমে ট্রেন চালানো যাবে না। কারণ শুধু বৈদ্যুতিক ইঞ্জিন আনলেই হবে না, যে রুটে সেই ট্রেন চলবে, সেটির বৈদ্যুতিকীকরণও করতে হবে। ফলে সময় লাগবে। সেইমতো প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে বাংলাদেশের রাজধানী লাগোয়া অঞ্চলে বৈদ্যুতিক ট্রেন চালানো হবে। সেজন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের তরফে ঋণ মিলবে বলে জানানো হয়েছে।
১৬টি নয়া ট্রেন সেটও কিনবে বাংলাদেশ
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, নারায়ণপুর-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিকীকরণ পাশাপাশি ১৬টি নয়া ট্রেন কেনা হবে। প্রতিটি ট্রেনে কোচের সংখ্যা হবে পাঁচটি। নয়া রুটে বসাতে হবে ওভারহেড তার। বাংলাদেশে এমনিতেই বিদ্যুতের প্রবল সংকট আছে। সেই পরিস্থিতিতে নির্দিষ্ট দূরত্ব অন্তর-অন্তর তৈরি করতে হবে ট্রাকশন সাবস্টেশন। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থাও চালু করার পরিকল্পনা আছে বলে বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছে।
ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চলেছিল কবে?
তবে বৈদ্যুতিক ট্রেন চালুর ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের থেকে অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলেছিল স্বাধীনতারও আগে - সেই ১৯২৫ সালে। রেলের তথ্য অনুযায়ী, বম্বে ভিটি এবং কুরলা হারবারের মধ্যে ১৯২৫ সালের ৩ ফেব্রুয়ারি সেই পরিষেবা চালু করা হয়েছিল। আর ২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ভারতের ব্রডগেজ রেল নেটওয়ার্কের ৯৯.৬ শতাংশ অংশেই বৈদ্যুতিকীকরণ হয়ে গিয়েছে।
পাকিস্তানে কবে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলেছিল?
সেখানে পাকিস্তানের রেলের হাল মারাত্মক খারাপ। একাধিক রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পাকিস্তানে বৈদ্যুতিক ট্রেন চলে না। ডিজেলচালিত ইঞ্জিনের মাধ্যমে ট্রেন চালানো হয়। তবে খাতায়কলমে পাকিস্তানে প্রথম বিদ্যুৎচালিত ট্রেন চলেছিল ১৯৭০ সালে। তখন পৃথক বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়নি। পাকিস্তান পরিচিত ছিল পশ্চিম পাকিস্তান নামে। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


