CBSE: 'কোনও পড়ুয়া ক্ষতিগ্রস্ত হবে না!' স্ক্যান কপি ঝাপসা, দ্বাদশ শ্রেণির উত্তরপত্র নিয়ে কী জানাল CBSE?

CBSE: বোর্ড স্বীকার করেছে যে, পোর্টালে অতিরিক্ত চাপের কারণে কিছু পড়ুয়া প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছেন, যেমন- পেমেন্ট কনফার্মেশনে দেরি, পোর্টালে প্রবেশে সমস্যা এবং ঝাপসা বা অসম্পূর্ণ স্ক্যান কপি।

Published on: May 24, 2026, 22:00:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

CBSE: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) দ্বাদশ শ্রেণির উত্তরপত্রের স্ক্যান কপি অত্যন্ত ঝাপসা হওয়ার অভিযোগ তুলেছিলেন পড়ুয়া এবং অভিভাবকদের একাংশ। এবার এই সমস্যার ব্যাখ্যা দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। একটি বিস্তারিত বিজ্ঞপ্তিতে সিবিএসই জানিয়েছে, পড়ুয়াদের অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। একই সঙ্গে আশ্বাস দিয়েছে যে, মূল্যায়ন বা অস্পষ্ট উত্তরপত্র সংক্রান্ত সমস্ত প্রকৃত অভিযোগ নির্ধারিত রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়সঙ্গতভাবে খতিয়ে দেখা হবে।

দ্বাদশ শ্রেণির উত্তরপত্র নিয়ে কী জানাল CBSE? (HT_PRINT)
দ্বাদশ শ্রেণির উত্তরপত্র নিয়ে কী জানাল CBSE? (HT_PRINT)

সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর উত্তরপত্রের কপি ঝাপসা হওয়ার পাশাপাশি বহু ছাত্রছাত্রী উত্তর অনুপস্থিত থাকা এবং স্ক্যান কপি পেতে দেরি হওয়ার অভিযোগও জানিয়েছেন বহু পড়ুয়া।

সমস্ত অভিযোগই খতিয়ে দেখছে সিবিএসই

সিবিএসই-র পক্ষ থেকে জানান হয়েছে, এ বছর অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) ব্যবস্থার মাধ্যমে ৯৮.৬ লক্ষেরও বেশি উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। প্রতি বছরের মতোই যাচাই বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করার আগে পড়ুয়াদের মূল্যায়িত উত্তরপত্রের স্ক্যান কপি সংগ্রহের সুযোগ দেওয়া হয়েছিল। বোর্ড স্বীকার করেছে যে, পোর্টালে অতিরিক্ত চাপের কারণে কিছু পড়ুয়া প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছেন, যেমন- পেমেন্ট কনফার্মেশনে দেরি, পোর্টালে প্রবেশে সমস্যা এবং ঝাপসা বা অসম্পূর্ণ স্ক্যান কপি। তবে সিবিএসই স্পষ্ট জানিয়েছে, পুনর্বিবেচনার জন্য চিহ্নিত প্রতিটি উত্তরপত্র বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের প্যানেল দ্বারা সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয় যাতে মূল্যায়নে স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় থাকে। কোনও পৃষ্ঠা অস্পষ্ট, অনুপস্থিত বা ভুলভাবে মূল্যায়িত বলে মনে হলে তা সরকারি পদ্ধতির মাধ্যমে পুনরায় পরীক্ষা করা হবে বলেও পরিয়াদের আশ্বাস দিয়েছে বোর্ড। পাশাপাশি, অভিভাবক ও পড়ুয়াদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেছে এবং প্রযুক্তিগত সমস্যার কারণে কোনও পড়ুয়া ক্ষতিগ্রস্ত হবে না বলেই আশ্বস্ত করেছে বোর্ড।

দ্বাদশ শ্রেণির উত্তরপত্রের স্ক্যান কপি সংগ্রহের আবেদনের সময়সীমা বৃদ্ধি

সিবিএসই উত্তরপত্রের স্ক্যান কপি সংগ্রহের আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ২৪ মে, ২০২৬ পর্যন্ত করেছে। বোর্ড আরও জানিয়েছে যে, শেষ স্ক্যান কপি পাঠানোর পর পুনর্মূল্যায়নের পোর্টাল আরও দু’দিন খোলা থাকবে। পড়ুয়ারা পর্যাপ্ত সময় নিয়ে উত্তরপত্র পরীক্ষা করে যাতে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে। এছাড়া পেমেন্ট কনফার্মেশন না পাওয়া গেলে বারবার টাকা জমা দেওয়ার চেষ্টা না করার পরামর্শও দেওয়া হয়েছে। বোর্ডের মতে, এতে ডুপ্লিকেট পেমেন্ট ও অতিরিক্ত দেরী হওয়ার সম্ভাবনা থাকে।

ভুয়ো বিজ্ঞপ্তি নিয়ে পড়ুয়াদের সতর্কতা সিবিএসই-র

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভুয়ো বিজ্ঞপ্তিও খারিজ করেছে সিবিএসই। ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, প্রযুক্তিগত সমস্যার কারণে পুনর্মূল্যায়ন ও উত্তরপত্রের ফটোকপি প্রক্রিয়া বাতিল করা হয়েছে। বোর্ড স্পষ্ট জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ছাত্রছাত্রী ও অভিভাবকদের শুধুমাত্র সিবিএসই-র সরকারি ওয়েবসাইট ও যাচাইকৃত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তথ্যের উপর ভরসা করার পরামর্শ দেওয়া হয়েছে। সিবিএসই জানিয়েছে, ছাত্রছাত্রীদের শিক্ষাগত স্বার্থ রক্ষা এবং সমস্ত অভিযোগ স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তি করতে তারা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।