Demographic Change: কেন্দ্রের বড় পদক্ষেপ! দেশে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ রুখতে হাই-লেভেল কমিটি শাহ-র
Demographic Change: স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই কমিটিকে সারা দেশে জনসংখ্যার পরিবর্তনের একটি বিস্তারিত মূল্যায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, 'অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে যে পরিবর্তনগুলি ঘটছে, তা এই কমিটি খতিয়ে দেখবে।'
Demographic Change: গত বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, অনুপ্রবেশের জন্য জনবিন্যাস পালটে যাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলির। আর তার সেই নির্দেশ মতো এবার দেশে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্র।
দেশে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ রুখতে হাই-লেভেল কমিটি
এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর-কে। সদস্য হিসেবে থাকছেন জনগণনা কমিশনার, প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের ‘ফরেনার্স-ওয়ান’ বিভাগের যুগ্মসচিব থাকবেন সদস্য-সচিব হিসেবে। বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনসংখ্যার অস্বাভাবিক পরিবর্তন যে কোনও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। শুধু সার্বভৌমত্ব নয়, জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা, সামাজিক কাঠামো এবং আদিবাসী সমাজের অস্তিত্বের সঙ্গেও এই বিষয়টি জড়িত। তাঁর কথায়, 'জনসংখ্যার পরিবর্তন শুধুমাত্র আমাদের সার্বভৌমত্বের সঙ্গেই যুক্ত নয়, এটি দেশের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজকে রক্ষা করার মতো গুরুতর বিষয়গুলির সঙ্গেও জড়িত।'
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই কমিটিকে সারা দেশে জনসংখ্যার পরিবর্তনের একটি বিস্তারিত মূল্যায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, 'অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে যে পরিবর্তনগুলি ঘটছে, তা এই কমিটি খতিয়ে দেখবে। এছাড়া ধর্মীয় ও সামাজিক স্তরে জনসংখ্যার অস্বাভাবিক পরিবর্তনের ধরন বিশ্লেষণ করে একটি পরিকল্পিত ও সময়োপযোগী সমাধান খুঁজে বের করবে।' অমিত শাহ জানান, গত বছরের ১৫ অগস্ট লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘হাই-লেভেল কমিটি অন ডেমোগ্রাফিক চেঞ্জে’র কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার ভিত্তিতেই এবার আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হল। কেন্দ্রীয় সরকারের দাবি, সীমান্তবর্তী এলাকাগুলিতে বেআইনি অনুপ্রবেশের ফলে জনসংখ্যার ভারসাম্যে বড় প্রভাব পড়ছে। সেই কারণেই সমস্যার দীর্ঘমেয়াদি ও সময়বদ্ধ সমাধান খুঁজতে চাইছে কেন্দ্র। কমিটি বিভিন্ন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে সুপারিশ জমা দেবে বলে জানা গিয়েছে। বলে রাখা দরকার, বিজেপি দীর্ঘদিন ধরেই বলে আসছে বাংলা, ত্রিপুরা, অসমে বিরোধী দলগুলির সরকার থাকাকালীন রাজ্য সরকারের সহযোগিতা সেভাবে না পাওয়া যাওয়ায় অনুপ্রবেশ রুখতে সমস্যা হচ্ছিল। এই মুহূর্তে এই সব রাজ্যেই বিজেপির সরকার। ফলে পরিস্থিতি অনুকূলে। তাই কেন্দ্র এখনই জনবিন্যাস বদল নিয়ে কার্যকরী পদক্ষেপ করতে চাইছে।
Home/News/Demographic Change: কেন্দ্রের বড় পদক্ষেপ! দেশে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ রুখতে হাই-লেভেল কমিটি শাহ-র