Government on Vande Mataram: বঙ্গ জয়ের পরই ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত!‘বন্দে মাতরম’ নিয়ে বিশেষ পদক্ষেপ,জারি নির্দেশিকা
Government on Vande Mataram: রাষ্ট্রীয় গীত 'বন্দে মাতরম' গাওয়ার ক্ষেত্রে কী কী পালন করা হবে সেই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা গত জানুয়ারি মাসে জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গানের ৬টি স্তবকই গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল।
Government on Vande Mataram: দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বাংলায় রাজনৈতিক পালাবদলের উচ্ছ্বাস পৌঁছেছে দিল্লিতেও। আর এবার এই রেশ ধরেই ভারতের জাতীয় সংহতি ও দেশপ্রেমের ভাবাবেগকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’-কে এবার থেকে ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’-র সমমর্যাদায় উন্নীত করার সিদ্ধান্তে সিলমোহর দিল নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই বড় পদক্ষেপ রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বঙ্গ জয়ের পরই ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত!
জাতীয় সঙ্গীতের সমমর্যাদায় উন্নীত হল 'বন্দে মাতরম'
‘ন্যাশনাল অনার অ্যাক্ট’ অনুযায়ী, এতদিন জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সংগীত 'জনগণমন'কে অসম্মান করলে আর্থিক জরিমানা এবং জেলে পাঠানোর আইনি সংস্থান ছিল। এবার এই আইনের সেকশন ৩ সংশোধন করে 'বন্দে মাতরম'কেও সমমর্যাদায় উন্নীত করার সিদ্ধান্তে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর অর্থ, জাতীয় সংগীতের মতোই এবার 'বন্দে মাতরম' গাওয়ার ক্ষেত্রে কোনও রকম অনীহা বা অসম্মান প্রদর্শন করলে হতে পারে আর্থিক জরিমানা। এমনকী তিন বছরের জেলও।
আগেও জারি নির্দেশিকা
রাষ্ট্রীয় গীত 'বন্দে মাতরম' গাওয়ার ক্ষেত্রে কী কী পালন করা হবে সেই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা গত জানুয়ারি মাসে জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গানের ৬টি স্তবকই গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। এবার 'বন্দে মাতরম'কে জাতীয় সংগীতের সমমর্যাদায় উন্নীত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বিজেপির বাংলা জয়ের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বন্দে মাতরমের সার্ধশতবর্ষ দেশজুড়ে পালনের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এমনকী, সংসদেও 'বন্দে মাতরম' নিয়ে আলোচনা হয়। চলতি বছরের জানুয়ারিতে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি নির্দেশিকাও জারি করে। সেই নির্দেশিকায় বলা হয়, জাতীয় সংগীত ‘জনগণমন’-র মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হল। ওই নির্দেশিকায় আরও বলা হয়, যদি রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম’ বাজানো হবে। বন্দে মাতরমের ৬টি স্তবকই গাইতে হবে বলে জানায় কেন্দ্র। নির্দেশিকায় আরও বলা হয়, ‘বন্দে মাতরম’ গান গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের উঠে দাঁড়াতে হবে।
কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি এই পদক্ষেপকে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসেবে তুলে ধরছে। এখন নজর, সংসদে আইনি সংশোধনের প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয় এবং বাস্তবে এই সিদ্ধান্ত কীভাবে কার্যকর করা হয়।
News/News/Government On Vande Mataram: বঙ্গ জয়ের পরই ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত!‘বন্দে মাতরম’ নিয়ে বিশেষ পদক্ষেপ,জারি নির্দেশিকা