ফের নতুন করে অশান্তির খবর উঠে আসছে বাংলাদেশ থেকে। হাদির ওপর গুলি চালনার কিছুদিন পরই এবার সেই রাজধানী ঢাকাতেই ঘটল বিস্ফোরণ। এদিন, মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনের সামনে এক ককটেল বোমা বিস্ফোরণের জেরে নিহত হন এক যুবক।

উল্লেখ্য, রাত পোহালেই বাংলাদেশে পা রাখার কথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের। তাঁর আসার আগে গোটা ঢাকার নিরাপত্তা নিয়ে বেশ কিছু তৎপরতার খবর উঠে আসে। ঠিক তারেকের বাংলাদেশ আসার আগেই বুধবার সন্ধ্যায় ঘটল এই বিস্ফোরণ।
রাত পোহালেই বড়দিন। এই বিশেষ উৎসব উপলক্ষ্যে বাংলাদেশে বেশ কিছু নিরাপত্তা জনিত পদক্ষেপের কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। আর সেই উৎসবের রাতের আগেই এই ককটেল বিস্ফোরণ ঘটে যায়।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেল। সেই বিস্ফোরণে ২১ বছর বয়সী সিয়াম নামের এক যুবকের প্রাণ যায়। মৃত সিয়াম স্থানীয় এক গাড়ির ডেকোরেশনের দোকানে কর্মরত ছিলেন। জানা গিয়েছে সিয়াম সেখানে চা খেতে গিয়েছিলেন। তখনই ওই ককটেল বোমা গিয়ে পড়ে তাঁর ওপর।
এখনও পর্যন্ত পুলিশ জানাতে পারেনি যে, ওই ককটেল কে বা কারা নিক্ষেপ করেছে। এদিকে, হাদির হত্যাকারীদের যখন বাংলাদেশের তদন্তকারীরা হন্যে হয়ে খুঁজছে, ঠিক তখনই রাজধানী ঢাকায় আরও এক অপরাধের ঘটনা। ঢাকায় হাদির ওপর গুলি চালনা ও আজকের এই ককটেল বিস্ফোরণের পর স্বভাবতই ইউনুস সরকারের প্রশাসনের কর্মকাণ্ড ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে। যেখানে রাত পোহালেই বিএনপির তারেক রহমানের মতো তাবড় নেতা বাংলাদেশে পা রাখতে চলেছেন, সেখানে এই বিস্ফোরণে মৃত্যুর ঘটনা নিরাপত্তা ঘিরে বহু প্রশ্ন তুলে দিচ্ছে। ইতিমধ্যেই সেদেশের নানান প্রান্ত থেকে ঢাকার দিকে আসছেন বহু বিএনপি কর্মী। তারই মাঝে এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়।
(বিস্তারিত আসছে)