CJP Delhi protest: ‘ককরোচ’দের আন্দোলন অব্যাহত! শিক্ষার্থীদের যন্তর মন্তর থেকে দূরে থাকার পরামর্শ দিল্লি বিশ্ববিদ্যালয়ের

CJP Delhi protest: দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়, যাচাই-বাছাই ছাড়া কোনও তথ্য শেয়ার বা প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকতে হবে।

Published on: Jul 24, 2026, 11:41:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

CJP Delhi protest: অবশেষে ২৬ দিনের দীর্ঘ অনশন ভেঙেছেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। অন্যদিকে, নিটের প্রশ্নফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও, নিজের অবস্থানে অনড় রয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। গত ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাওয়া এই সংগঠনের সাফ কথা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের প্রতিবাদ ও আন্দোলন আগের মতোই জারি থাকবে। এই আবহে নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভের যোগ না দিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীদের যন্তর মন্তর থেকে দূরে থাকার পরামর্শ দিল্লি বিশ্ববিদ্যালয়ের (HT_PRINT)
শিক্ষার্থীদের যন্তর মন্তর থেকে দূরে থাকার পরামর্শ দিল্লি বিশ্ববিদ্যালয়ের (HT_PRINT)

বৃহস্পতিবার এক্সে হ্যান্ডেলে প্রকাশিত এক বার্তায় এই আহ্বান জানিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বার্তায় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাই কোনও বেআইনি সমাবেশে অংশ নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারে। বিশ্ববিদ্যালয়ের কথায়, শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সতর্কতা জারি করা হয়েছে। ডিইউ-র বিবৃতিতে বলা হয়, ‘প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যন্তর মন্তরে কোনও বেআইনি সমাবেশ বা বিক্ষোভে অংশ নিলে আইনগত পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও সতর্ক করে জানায়, এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনার ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই সবাইকে আইন মেনে চলা এবং নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।’ এ ছাড়া চলমান পরিস্থিতিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। বিবৃতিতে বলা হয়, যাচাই-বাছাই ছাড়া কোনও তথ্য শেয়ার বা প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকতে হবে।নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গত ২০ জুন ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, আন্দোলনে সংহতি জানিয়ে এতে যোগ দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া। সিজেপির পাশাপাশি বিরোধী দলগুলোরও দাবি, প্রশ্নপত্র ফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে।