Dr Anil Kumar Rastogi: 'সবকিছুই রাজনীতি...,' PM মোদীর সঙ্গে হ্যান্ডশেক মিস, মুখ খুললেন পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা

Dr Anil Kumar Rastogi: প্রবীণ অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, তিনি ভারতীয় জনতা পার্টির একজন সমর্থক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর মনে গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে।

Published on: Jun 25, 2026, 13:25:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dr Anil Kumar Rastogi: মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে বসেছিল চাঁদের হাট ৷ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন ড. অনিল কুমার রাস্তোগি। নাটক, সিনেমা, বেতার ও টেলিভিশনের জগতে তাঁর দীর্ঘ অবদান রয়েছে। এরমধ্যেই বুধবার পদ্ম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর একটি কথোপকথনের ভিডিও ভাইরাল হতেই ট্রোলারদের কড়া জবাব দিলেন ৮৩ বছর বয়সি বর্ষীয়ান অভিনেতা অনিল কুমার রস্তোগি।

PM মোদীর সঙ্গে হ্যান্ডশেক মিস, মুখ খুললেন পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা (PTI)
PM মোদীর সঙ্গে হ্যান্ডশেক মিস, মুখ খুললেন পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা (PTI)

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের জবাবে পদ্মশ্রী প্রাপক স্পষ্ট জানিয়েছেন, 'সব কিছুই রাজনীতির বিষয় নয়।' ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, 'এটা দুর্ভাগ্যজনক যে অনুষ্ঠানে ঘটে যাওয়া সমস্ত ঘটনার মধ্যে কিছু লোক এই বিষয়টির উপরেই মনোযোগ দিতে চাইছে।' মূলত যে ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাতে দেখা যাচ্ছে ডক্টর রস্তোগি যখন পদ্মশ্রী সম্মান নিতে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন মাঝপথে তিনি প্রধানমন্ত্রী মোদীকে হাত জোড় করে নমস্কার জানান। কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রধানমন্ত্রী তাঁর দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়েছিলেন, যা খেয়াল না করায় অভিনেতা মিস করে যান। এই বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি নোট শেয়ার করে ডক্টর রস্তোগি লিখেছেন, 'আমি ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্রহণ করতে যাচ্ছিলাম, যা আমার জীবনের এক মস্ত বড় অর্জন। স্বাভাবিকভাবেই সেই মুহূর্তে আমি কিছুটা উদ্বিগ্ন ও আবেগতাড়িত ছিলাম, আর সেই কারণেই বাড়িয়ে দেওয়া ওই হাতটি আমার নজর এড়িয়ে গেছে! তার মানে এই নয় যে আমি সেই মানুষটিকে কোনও অংশে কম সম্মান করি!'

পাশাপাশি, প্রবীণ অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, তিনি ভারতীয় জনতা পার্টির একজন সমর্থক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর মনে গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাকেত গোখলে-সহ অনেকেই এই ভাইরাল মুহূর্তটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করার পরই ৮৩ বছর বয়সি ওই প্রবীণ অভিনেতার কড়া প্রতিক্রিয়া সামনে এসেছে। সাকেত গোখলেকে পাল্টা জবাব দিয়ে এক্স হ্যান্ডেলে ডক্টর রস্তোগি লিখেছেন, 'যাঁরা এই বিষয় নিয়ে মজা করছেন, তাঁদের উদ্দেশ্যে বলি-আমার বয়স ৮০-র বেশি। বয়সের কারণেই এটি আমার একটি অনিচ্ছাকৃত ভুল ছিল। আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে এবং আমি মনে করি এই মুহূর্তে দেশ পরিচালনার জন্য তিনিই আমাদের সেরা বিকল্প!' থিয়েটার, সিনেমা, রেডিও এবং টেলিভিশনের দুনিয়ায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত মঙ্গলবার ডক্টর অনিল কুমার রস্তোগিকে ভারতের মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবীণ এই শিল্পী এখনও পর্যন্ত ১০০টি নাটকে ১০০০-এরও বেশি নাট্যপ্রদর্শনী, ৭৫টির বেশি চলচ্চিত্র এবং ৫০০-রও বেশি টিভি পর্বে কাজ করেছেন। তিনি একজন সফল বিজ্ঞানীও। তাঁর ৭৮টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি, দুঃস্থ ও অসহায় রোগীদের সাহায্যে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।