Noida Airport: ঐতিহাসিক মুহূর্ত! নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে চালু উড়ান, খুশি যাত্রীরা
Noida International Airport: উত্তরপ্রদেশ ও দিল্লি-এনসিআর অঞ্চলের জন্য এটিকে একটি কৌশলগত পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। সরকারের মতে, এর ফলে আঞ্চলিক সংযোগ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগেও গতি আসবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে তৈরি হয়েছে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর।
Noida International Airport: গত ২৮ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকেই সেই নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উড়ান পরিচালনা শুরু হয়েছে। দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত সেই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) থেকে আনুষ্ঠানিকভাবে উড়ান পরিষেবা শুরু করল। এর ফলে ইন্ডিগো-ই হয়ে উঠল এই নতুন বিমানবন্দর থেকে পরিষেবা চালু করা প্রথম বিমান সংস্থা।

সোমবার ১৭০ জন কৃষককে দিয়ে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ল প্রথম বিমান। একই সঙ্গে উড়ান দিল তাঁদের স্বপ্নও। নয়ডার আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি দিয়েছিলেন কৃষকরা। এদিন সাতসকালে তাঁরা জড়ো হন বিমানবন্দরে। জমিদাতা কৃষকদের মধ্যে ২০ জন মহিলাও ছিলেন। কারও চোখে বিস্ময়, কারও মুখে উচ্ছ্বাস, আবার কারও বুকে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের নীরব আনন্দ। অনেকেই প্রথম বার বিমানে উঠলেন। সকাল ৮টা নাগাদ তাঁরা চেপে বসেন লখনৌগামী বিমানে। তাঁদের নিয়েই নয়ডার বিমানবন্দর থেকে উড়ে যায় প্রথম বিমান। এই বিমানযাত্রা ছিল প্রতীকী। যাঁরা বিমানবন্দর তৈরির জন্য জমি দিয়েছেন, তাঁদের সম্মান জানাতেই এই আয়োজন করেছিল উত্তরপ্রদেশ সরকার। তাঁদের সঙ্গে ছিলেন জেওয়ারের বিধায়ক ধীরেন্দ্র সিংও।
অবশ্য তার আগে সকাল ৭ টা ৫৫ মিনিটে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল প্রথম বিমানটি। লখনৌ চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান দেয় ইন্ডিগোর নির্ধারিত ফ্লাইট ৬ই-২২৭৮ এই যাত্রিবাহী বিমান। সকালে অবতরণ করে নয়ডায়। রানওয়ে ছোঁয়ার মুহূর্তে হাততালি দিয়ে ওঠেন যাত্রীরা। উদযাপন করেন ঐতিহাসিক মুহূর্তের। বিমানটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এই উপলক্ষে জেওয়ারে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন। যমুনা এক্সপ্রেসওয়ের পাশে কৌশলগতভাবে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ বিমান ও লজিস্টিক্স হাব হিসেবে গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরের কার্যক্রম শুরুর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি লজিস্টিকস, হোটেল, পর্যটন, ওয়্যারহাউজিং এবং শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। বিমানবন্দর ঘিরে গড়ে ওঠা শিল্প ও বাণিজ্যিক করিডর উত্তরপ্রদেশকে জাতীয় ও বৈশ্বিক বিনিয়োগ মানচিত্রে আরও দৃশ্যমান অবস্থান দিতে সহায়তা করবে।
উত্তরপ্রদেশ ও দিল্লি-এনসিআর অঞ্চলের জন্য এটিকে একটি কৌশলগত পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। সরকারের মতে, এর ফলে আঞ্চলিক সংযোগ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগেও গতি আসবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে তৈরি হয়েছে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর। সুইস কোম্পানি জুরিখ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এজিকে এর উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিমানবন্দরে ৩,৯০০ মিটার দীর্ঘ রানওয়ের পাশাপাশি অত্যাধুনিক নেভিগেশন ব্যবস্থা, যেমন ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এবং উন্নত এয়ারফিল্ড লাইটিং সিস্টেম রয়েছে। এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ২৯,৬৫০ কোটি টাকা।
E-Paper

