Gurmeet Ram Rahim: ৯ বছরে এই নিয়ে ১৬বার! ফের প্যারোলে মুক্ত ধর্ষণ-হত্যা মামলায় কারাবন্দি রাম রহিম

Gurmeet Ram Rahim: সূত্রের খবর, ধর্ষণ ও যৌন কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে এই নিয়ে মোট ১৬ বার প্যারোল বা অস্থায়ী মুক্তি পেলেন রাম রহিম। এ নিয়ে গত ৯ বছরের জেল মেয়াদের ৪৩৬ দিন তিনি জেলের বাইরে কাটাতে চলেছেন।

Published on: May 26, 2026, 12:58:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Gurmeet Ram Rahim: ধর্ষণ এবং খুনে ২০ বছরের কারাবাসে দণ্ডিত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে আবার প্যারোলে মুক্তি দিল হরিয়ানা সরকার। তাঁকে এবার ৩০ দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৪ জুন আবার জেলে ফিরতে হবে ডেরাপ্রধানকে। ২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর এ নিয়ে এটি তাঁর ১৬-তম জেল থেকে মুক্তি। কিন্তু বার বার ডেরাপ্রধানকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে, তা নিয়ে কম বিতর্ক হয়নি।

ফের প্যারোলে মুক্ত ধর্ষণ-হত্যা মামলায় কারাবন্দি রাম রহিম (PTI File)
ফের প্যারোলে মুক্ত ধর্ষণ-হত্যা মামলায় কারাবন্দি রাম রহিম (PTI File)

মঙ্গলবার হরিয়ানার সুনারিয়া গ্রামের জেলা জেল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ভোর ৬টা ৩৪ মিনিট নাগাদ বেরিয়ে সোজা সিরসায় নিজের ডেরা সচ্চা সৌদা-র দফতের উদ্দেশে রওনা দেন রাম রহিম। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেরার মুখপাত্র তথা আইনজীবী জিতেন্দ্র খুরানা বলেন, 'তিনি আজ প্যারোলে ছাড়া পেয়েছেন। প্যারোলের অনুমতি দেয় রাজ্য সরকার। তাঁকে ৩০ দিনের জন্য প্যারোল দেওয়া হয়েছে।' তিনি আরও বলেন, 'প্যারোল চলাকালীন তিনি সিরসায় তাঁর ডেরা ডেরা সচ্চা সৌদায় থাকবেন।' এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল ডেরা সচ্চা সৌদা প্রধানকে। বার বার রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। এবারও রাম রহিমকে মুক্তি দেওয়ায় বিতর্ক মাথাচাড়া দিতে শুরু করেছে হরিয়ানা সরকারের বিরুদ্ধে।

গত ৯ বছরের ৪৩৬ দিন জেলের বাইরে

সূত্রের খবর, ধর্ষণ ও যৌন কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে এই নিয়ে মোট ১৬ বার প্যারোল বা অস্থায়ী মুক্তি পেলেন রাম রহিম। এ নিয়ে গত ৯ বছরের জেল মেয়াদের ৪৩৬ দিন তিনি জেলের বাইরে কাটাতে চলেছেন। এই মুক্তির আগে, রাম রহিম ৪০৬ দিন জেলের বাইরে কাটিয়েছেন। হরিয়ানার সুনারিয়া জেলে বন্দি হওয়ার পরে ২০২০ সালের ২৪ অক্টোবর প্রথমবার প্যারোলে এক দিনের মুক্তি দেওয়া হয় রাম রহিমকে। তারপরে ২০২১ সালের মে মাসে, ২০২২ সালের ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবর প্যারোলে ছাড়া হয় রাম রহিমকে। ফের ২০২৩ সালের জানুয়ারি, জুলাই, নভেম্বরে, ২০২৪ সালের জানুয়ারি, অগস্ট, অক্টোবর, ২০২৫ সালের জানুয়ারি, এপ্রিল, অগস্টে অস্থায়ী মুক্তি পান তিনি। এরপরে ফের ২০২৬ সালের জানুয়ারিতে ৪০ দিন এবং মে মাসে ৩০ দিনের জন্য মুক্তি দেওয়া হয় রাম রহিমকে।

কেন জেলবন্দি রাম রহিম?

ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৭ সাল থেকে সুনারিয়া জেলে বন্দি ডেরাপ্রধান। ওই বছরের ২৫ অগস্ট পঞ্চকুলার সিবিআই আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে। তাঁর ২০ বছরের কারাদণ্ড হয়েছে। ২০০২ সালে তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগও উঠেছিল। সেই মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন ডেরা প্রধান। ওই খুনের মামলায় ২০২১ সালে রাম রহিম-সহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় হরিয়ানার নিম্ন আদালত। ২০০২ সালের ওই খুনের মামলায় হাইকোর্ট বেকসুর খালাস করলেও, অন্য মামলায় এখনও জেলবন্দি রয়েছেন ডেরাপ্রধান। আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে ডেরাপ্রধানকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। ২০ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। পাশাপাশি রাম রহিমের যৌন ‘কেলেঙ্কারি’ প্রকাশ্যে নিয়ে আসায় খুন হন সাংবাদিক রাম চান্দের প্রজাপতিও। সেই মামলাতেও দোষী সাব্যস্ত হন ডেরাপ্রধান।