White House shooting: ব্রাত্য কাশ প্যাটেল! ট্রাম্পের নৈশভোজে হামলাকারী অ্যালেনের 'হিট-লিস্ট' প্রকাশ্যে
White House shooting: ওয়াশিংটন হিলটন হোটেলে হামলার মাত্র ১০ মিনিট আগেই ৩১ বছরের বন্দুকবাজ কোল টমাস অ্যালেন একটি বিবৃতি লিখে সেটি তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন।
White House shooting: শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল অভিশপ্ত রাত। কারণ এক দশক অনুপস্থিত থাকার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনারের আয়োজন করেছিলেন। সেই বিশেষ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির আমলা ও কর্তাব্যক্তিরা যেমন উপস্থিত ছিলেন তেমনই ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেই অনুষ্ঠানেই নির্বিচারে গুলি চালায় বন্দুকবাজ কোল টমাস অ্যালেন। তদন্তকারী এবং ওয়াশিংটন ডিসি পুলিশ প্রধান জেফরি ক্যারোল জানিয়েছেন, অ্যালেন একটি শটগান, হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরি নিয়ে হোটেলের নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেন।
ওয়াশিংটন হিলটন হোটেলে হামলার মাত্র ১০ মিনিট আগেই ৩১ বছরের বন্দুকবাজ কোল টমাস অ্যালেন একটি বিবৃতি লিখে সেটি তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন। সেখানেই হামলার কারণ আর হিট-লিস্টে কারা কারা রয়েছে তা বিস্তারিত জানিয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুসারে, বিবৃতিতে বলা হয়েছিল তাঁর নিশানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ তাঁর প্রশাসনের সকল উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছে। সকলকেই তিনি মেরে ফেলতে চান। কিন্তু অ্যালেনের হিট - লিস্টে বাদ ছিল শুধুমাত্র একটি নাম। তিনি হলেন এফবিআই ডিরেক্টর ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। বিবৃতিতে অ্যালেন লিখেছেন, 'প্রশাসনের কর্মকর্তারা (কাশ প্যাটেল ছাড়া): তারা লক্ষ্যবস্তু, উচ্চ পদ থেকে নিম্ন পদ অনুযায়ী অগ্রাধিকার পাবে।'
তবে অ্যালেন কেন এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলকে তার তালিকা থেকে বাদ দিয়েছেন, তা নিয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেননি। বিবৃতিতে অ্যালোন জানিয়েছেন হামলার কারণও। তিনি লিখেছেন, 'যখন তুমি নিজে বঞ্চিত, তখন এক গালের বদলে অন্য গাল পেতে দেওয়া যায়। কিন্তু শরণার্থী শিবিরে আমাকে কেউ ধর্ষণ করেনি। আমি সেই মৎস্যজীবী নই, যাঁকে বিনা বিচারে মেরে ফেলা হয়েছে। অন্যেরা যখন নির্যাতিত, নিপীড়িত হয়, তখন অন্য গাল পেতে দেওয়ার কথা বলে না খ্রিস্টিয় আচরণবিধি। সেটা আসলে অপরাধে সহায়তা করার শামিল।' বিবৃতিতে তিনি বর্তমান মার্কিন প্রশাসনকে 'বিশ্বাসঘাতক' ও 'শিশু নিপীড়ক' হিসেবে অভিযুক্ত করে লেখেন, 'আমি আর একজন বিশ্বাসঘাতককে তার অপরাধে আমার হাত কলঙ্কিত করার সুযোগ দিতে রাজি নই।' এছাড়া পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক অভিযান নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। কোল টমাস অ্যালেন ওয়াশিংটনের হিলটন হোটেল নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপও করেছেন। তাঁর দাবি, নৈশভোজের অতিথিদের ওপরই প্রহরীদের নজর ছিল। আগে থেকে যারা হোটেলে ছিল তাদের নজর দেওয়া হয়নি। তাই তিনি একাধিক অস্ত্র নিয়ে হোটেলে প্রবেশ করতে পেরেছিলেন।
সোমবার অ্যালেনকে আদালতে তোলা হবে। বর্তমানে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার মানসিক অবস্থা মূল্যায়ন করা হচ্ছে। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, এজেন্সি এই ব্যক্তির অতীত এবং উদ্দেশ্য গভীরভাবে খতিয়ে দেখছে।
E-Paper

