Imran Khan latest: ইমরানকে নিয়ে UN বিশেষজ্ঞের রিপোর্ট আসতেই সরব PTI! খাইবার পাখতুনখোয়ার CM…
সদ্য পিটিআই-র তরফে এক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানকে ২৩ ঘণ্টা ধরে এক একক কুঠুরিতে রাখা হয়। সেখানে সারাক্ষণ চলে সিসিটিভির নজরদারি।
পাকিস্তানের অন্দরে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দি অবস্থা নিয়ে সদ্য এসেছে রাষ্ট্রসংঘের এক বিশেষজ্ঞের রিপোর্ট। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের, ‘অমানবিক এবং অসম্মানজনক আটক অবস্থা’ নিয়ে পাকিস্তানের সরকারের তৎপর হওয়া উচিত। এরপরই সরব হয়েছে ইমরান খান প্রতিষ্ঠিত পাকিস্তানের রাজনৈতিক দল ‘পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ'। এই বিষয়ে রাষ্ট্রসংঘের অ্যালিস জিল বলেছেন, ‘আমি পাকিস্তানি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি , যাতে মি. খানের বন্দি অবস্থার পরিস্থিতি আন্তর্জাতিক বিধি ও মানদণ্ড অনুযায়ী হয়।’
সদ্য পিটিআই-র তরফে এক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানকে ২৩ ঘণ্টা ধরে এক একক কুঠুরিতে রাখা হয়। সেখানে সারাক্ষণ চলে সিসিটিভির নজরদারি। বহির্বিশ্বের সঙ্গে তাঁকে যোগাযোগ করতে দেওয়া হয়না, পরিবার বা আইনজীবিদের সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হয়না। এছাড়াও অত্যাবশ্যকীয় নানান জিনিস থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করছে পাকিস্তানের এই রাজনৈতিক দল। পিটিআই তার বিবৃতিতে জানিয়েছে,' রাষ্ট্রসংঘ অনুযায়ী একক কুঠুরিতে বন্দি অবস্থা ১৫ দিনের বেশি চললে তা মানসিক অত্যাচারের পর্যায়ে আসে, যেখানে ইমরান খানকে এই অবস্থায় মাসের পর মাস রাখা হয়েছে।' ইমরানের পার্টির দাবি, তাঁদের জেলবন্দি এই নেতার শিড়দাঁড়ায় চোট রয়েছে। আর তা থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে, ইমরানকে খুনের চেষ্টার জেরে তাঁর এই চোট বলে দাবি পিটিআই-র। আর এই অসুস্থতার বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনও মেডিক্যাল বিধি সম্বলিত যত্ন নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পিটিআই-র। পিটিআই বিবৃতি বলছে, ‘বিষয়টি আর রাজনৈতিক বন্দির বিষয় নয়, বরং পাকিস্তানে আইন, বিচার, মানবিক অধিকার কতটা আছে, তার পরীক্ষা। যে ব্যবহার ইমরান খানের সঙ্গে হচ্ছে, তা যদি বন্ধ না হয়, তাহলে তা রাষ্ট্রকতৃক হিংসার এক উদাহরণ হয়ে থাকবে।’
( Budh Nakshatra Gochar: কৃপার মেজাজে বুধ! বহু রাশির সুখের দরজা খুলতে চলেছে, লাকি কারা?)
এদিকে, ইমরান ইস্যুতে পারদ চড়ছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। সেখানের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানিয়েছেন, এক বিশাল আকারা জন-প্রতিবাদ গড়ে তুলতে তিনি তৎপর। ‘হয় স্বাধীনতা নয় মৃত্যু’ এই স্লোগানকে সঙ্গে রেখে ইমরান ইস্যুতে তাঁর এলকা খাইবার পাখতুনখোয়ায় তিনি প্রতিবাদ গড়ে তুলতে চলেছেন বলে সিএনএন-নিউজ১৮-র রিপোর্টে প্রকাশ পেয়েছে।












