রায়পুরে যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়ের জোড়া সেঞ্চুরিতে ভর করে সিরিজ ঘরে আনার দিকে নজর রেখেছে ভারত, ঠিক সেই দিনেই ঘোষণা হয়ে গেল বাভুমা বাহিনীর বিরুদ্ধে ভারতের টি২০ টিম। আর ঘাড়ের চোট নিয়ে দল থেকে ছিটকে যাওয়ার পর এবার শুভমন গিলের নামও টি২০ স্কোয়াডে! দলে ফিরলেন হার্দিকও।
ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং-এ নেমে ঘাড়ে চোট পেয়েছিলেন ক্যাপ্টেন শুভমন গিল। ছিটকে যান দল থেকে। একদিনের ম্যাচের সিরিজ থেকেও বাদ যান গিল। এরপর চিকিৎসকদের পরামর্শ ও রিহ্যাব পর্বের পর ভারতের টি২০ টিমে শুভমন গিলের ‘কামব্যাক’! তবে এতে রয়েছে একটি টুইস্ট, জানানো হয়েছে, গিল ফিট থাকলে, তবেই তিনি এই সিরিজে থাকছেন! তবে আপাতত দলে তাঁকে ভাইস ক্যাপ্টেনের পদেই ভাবা হচ্ছে। দলের নেতৃত্বে থাকছেন সূর্যকুমার যাদব। একনজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি ২০ টিমে কারা থাকছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ টিমে কারা?
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।
( Vastu Shastra Tips: বাস্তুশাস্ত্র মতে ধন সম্পদ, সমৃদ্ধি পেতে হলুদ গাছ কোন দিকে লাগানো শুভ? রইল টিপস)
এদিকে, শুধু গিলই নন, ভারতের টি২০ স্কোয়াডের খেলোয়াড়দের তালিকায় ফিরলেন হার্দিকও। এশিয়া কাপের পর থেকে হার্দিক পান্ডিয়া মাঠের বাইরে ছিলেন। অন্যদিকে গিল ঘাড়ে ব্যথার কারণে টেস্ট সিরিজ এবং ওয়ানডে সিরিজ মিস করেছেন। এই দুই খেলোয়াড়ের ভারতীয় দলে এন্ট্রি দিয়ে ঘোষিত তালিকা নিঃসন্দেহে 'খবর'!
উল্লেখ্য, এই টি ২০ সিরিজের প্রথম ম্যচ ৯ ডিসেম্বর কটকে, এরপর ১১ ডিসেম্বর মুল্লানপুরে, ১৪ ডিসেম্বর ধর্মশালায়, ১৭ ডিসেম্বর লখনউতে, ১৯ ডিসেম্বর আমেদাবাদে।
এদিকে, ভারতীয় টিমে ক্রমেই জায়গা পাকা করছেন অভিষেক শর্মা। SMAT-এ তাঁর ঝোড়ো ১৪৮ পাঞ্জাবকে পৌঁছে দেয় ৩১০ রানে। ফলত, নিজের ফর্ম নিয়ে কার্যত বার্তা দিয়ে দিয়েছেন অভিষেক। SMAT-এ আলাদা করে নজর কেড়েছেন হার্দিকও। তবে আসন্ন সিরিজে সূর্যের ফর্মের দিকে বহু নজর থাকবে। টি২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে ঘরের মাঠে সূর্য অ্যান্ড কোং-র পারফরম্যান্স আসন্ন টি২০ ম্যাচের আগে বেশ তাৎপর্যপূর্ণ।