...
...
Next Story

INDIA Bloc Leader on Violent Protest: সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দিল আলবেনিয়ার জনতা, ভারতের শেখা উচিত, বললেন বিরোধী নেতা

INDIA Bloc Leader on Violent Protest: বিরোধী ইন্ডিয়া জোটের নেতা বিতর্কিত মন্তব্য করলেন। আলবেনিয়ায় যে সুপ্রিম কোর্ট, সংসদ ভবন এবং সরকারি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, তা দেখে শিখতে বললেন। পরে দিলেন সাফাই।

Published on: Oct 20, 2026, 16:49:30 IST
Advertisement

INDIA Bloc Leader on Violent Protest: আলবেনিয়ার হিংসাত্মক বিক্ষোভ নিয়ে বিরোধী শিবিরের অন্দরেই ফাটল ধরল। শুধু বিরোধী শিবির বললেও কম বলা হবে, একই দলের মধ্যে সেই ফাটল ধরা পড়েছে। শিবসেনা নেতা (উদ্ধব ঠাকরে শিবির) সঞ্জয় রাউত দাবি করেছেন, আলবেনিয়ার জনতা যেভাবে সুপ্রিম কোর্ট ও সংসদ পুড়িয়ে দিয়েছে, তা দেখে ভারত-সহ পুরো বিশ্বের শেখা উচিত। যদিও সেই মতের সঙ্গে সহমত পোষণ করেননি উদ্ধব শিবিরেরই নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি দাবি করেছেন, ভারতের মতো গণতন্ত্রে এরকম হিংসাত্মকভাবে ক্ষমতা পরিবর্তনের দরকার নেই।

‘একেবারে গ্রহণযোগ্য নয় এটা’, দাবি প্রিয়াঙ্কার

আলবেনিয়ায় আগুন জ্বলছে। (ছবি সৌজন্যে এপি)
আলবেনিয়ায় আগুন জ্বলছে। (ছবি সৌজন্যে এপি)

সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘ভারতের অন্য কোনও দেশের থেকে শেখার দরকার নেই। আলবেনিয়া একটা ছোট্ট দেশ। যা বছরের পর বছর ধরে কমিউনিস্ট একনায়কতন্ত্র সহ্য করেছে। মানুষ নিজের হাতে আইন তুলে দেবেন, আইনশৃঙ্খলা ভেঙে ফেলবেন, প্রতিষ্ঠানগুলিকে অস্থিতিশীল করে তুলবেন - সেটা সুপ্রিম কোর্ট হোক বা সংসদ ভবন - পুরো বিষয়টি একেবারে গ্রহণযোগ্য নয়।’

আরও পড়ুন: Yusuf Pathan Plot Gift: TMC ছাড়ার ২ মাসের মধ্যেই গুজরাটের ‘উপহার’ পেলেন ইউসুফ পাঠান- ৯৭৮ বর্গমিটার জমি

বাংলাদেশে ইসলামিক কর্মসূচি ছিল, সাফ কথা প্রিয়াঙ্কার

সেইসঙ্গে তিনি বলেন, ‘যাঁরা পরামর্শ দেন যে ক্ষমতা বদলের জন্য আমাদের বাংলাদেশের থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ ওই বিক্ষোভের নেতৃত্বে শুধু পড়ুয়ারা ছিল না, ওটা বাস্তবে ইসলামিক কর্মসূচি ছিল। তার জেরে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলতে থাকে। কোনও গণতন্ত্রেই এই ধরনের হিংসাত্মক কায়দায় ক্ষমতা পরিবর্তনের কোনও জায়গা নেই। আর অনুপ্রেরণার জন্য আমাদের আলবেনিয়া, প্যারিস বা এ জাতীয় অন্য কোনও ঘটনার দিকে তাকানো উচিত নয়।’

আর প্রিয়াঙ্কা সেই মন্তব্য করেছেন সঞ্জয়ের বিস্ফোরক টুইটের পরে। আলবেনিয়ার হিংসাত্মক আন্দোলনের রেশ ধরে তিনি বলেন, ‘আলবেনিয়ার মানুষ সুপ্রিম কোর্টে জ্বালিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীদের সহায়তা করছিল বলে মানুষ ক্ষুব্ধ ছিলেন। বিক্ষোভকারী জনতা সংসদ ভবন এবং সরকারি অফিসের পাশাপাশি মন্ত্রীদের বাড়িতে হামলা টালায়। সব দেশেরই এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। বিশেষত ভারতের (সেই শিক্ষা নেওয়া উচিত)।’

আরও পড়ুন: RSS Chief on Captain Smit Machchhar: 'হিন্দু ধর্মই ক্যাপ্টেন স্মিতকে প্রাণ বাঁচাতে উদ্বুদ্ধ করেছিল', মত RSS প্রধানের

বিতর্কের মুখে সাফাই বিরোধী নেতার

সেই মন্তব্যের পরে বিজেপি আক্রমণ শানায় সঞ্জয়কে। চাপের মুখে সাফাই দিয়ে বিরোধী নেতা দাবি করেন যে সুপ্রিম কোর্টের উপরে আস্থা আছে তাঁর। তিনি বলেন, 'যদি এই সরকার ক্ষমতা থাকে, তাহলে অনিবার্যভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। আমি এটাই বলতে চাইছিলাম। এই ব্যাপারটা দেখা উচিত সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের উপরে আস্থা আছে আমাদের। আর সুপ্রিম কোর্টই একা এই দেশকে বাঁচাতে পারে। যদি আমরা আমাদের দেশেই তেরঙা উত্তোলন করতে না পারি, তাহলে আমরা কী করতে পারব? এটা থেকেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এটা দেখা উচিত সুপ্রিম কোর্টের।'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks