MEA on Indians joining Russian Army: টাকার প্রলোভনে পা দিয়ে রাশিয়ান সেনায় যোগ না দেওয়ার আর্জি জানাল ভারত সরকার। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সতর্ক করে বলা হয়েছে যে চটজলদি আর্থিক লাভের আশায় ভালো করে সবটা যাচাই না করেই এরকম কোনও কাজে যেন যোগ না দেন ভারতীয়রা। আবার অনেক ক্ষেত্রে এজেন্টরা এক চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে যাওয়ার পরে রুশ বাহিনীতে যোগ দিতে বাধ্য করছে বলে অভিযোগ উঠেছে, তা নিয়েও সতর্ক করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
বিপজ্জনক পথ এড়িয়ে চলুন, বার্তা ভারত সরকারের

মঙ্গলবার রাশিয়ায় যাওয়া ভারতীয়দের উদ্দেশ্যে সতর্কতা জারি করে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমরা এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছে, যখন আর্থিক সুবিধা লাভের আশায় লোকজন স্বেচ্ছায় রাশিয়ার সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন এবং পরবর্তীতে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন। আমরা আবারও স্পষ্টভাবে বলছি যে এটা বিপজ্জনক পথ এবং কঠোরভাবে সেই পথে চলার বিষয়ে নিরুৎসাহিত করছে ভারত সরকার।’
এজেন্টদের চাকরির প্রস্তাব নিয়ে সতর্ক থাকুন, বার্তা ভারতের
আবার ভারতের নাগরিকত্ব ছেড়ে রাশিয়ান পাসপোর্ট নিয়ে সেখানকার সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।পাশাপাশি এজেন্টদের ফাঁদে পা দিয়ে রাশিয়ায় গিয়ে আটকে পড়ার পরে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যে এজেন্টরা বিদেশ মন্ত্রকে নথিভুক্ত নন, তাঁদের থেকে আসা কোনও চাকরির প্রস্তাব গ্রহণ করার আগে যেন যথাযথ সতর্কতা অবলম্বন করেন।’
রাশিয়ার হয়ে লড়তে গিয়ে কমপক্ষে ৫১ ভারতীয়ের মৃত্যু
{{/usCountry}}রাশিয়ার হয়ে লড়তে গিয়ে কমপক্ষে ৫১ ভারতীয়ের মৃত্যু
{{/usCountry}}এমনিতে ইউক্রেনে যুদ্ধের জন্য বিভিন্ন দেশ থেকে লোক নিযুক্ত করছে রাশিয়া। দিনকয়েক আগেই ইউক্রেনের আধিকারিকদের উদ্ধৃত করে একটি রিপোর্টে দাবি করা হয় যে কমপক্ষে ১৩৫টি দেশের নাগরিক রাশিয়ার হয়ে লড়াই করেছেন। যে তালিকায় ভারতও আছে।
মাসখানেক আগে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছিলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিযুক্ত করা হয়েছিল ২২৭ জন ভারতীয় নাগরিককে। তাঁদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। ১৩৯ জন মুক্তি পেয়েছেন। বাকি যাঁরা আছেন, তাঁদেরও যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়, তা নিয়ে মস্কোর সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছিলেন ভারতের বিদেশ সচিব।