Indian Shot Dead: US-এ ফের ভারতীয়র মৃত্যু! ভুয়ো পিৎজা ডেলিভারির ফাঁদে গুলিতে ঝাঁঝরা তেলাঙ্গানার যুবক

Indian Shot Dead in US: পরিবার সূত্রে জানা গিয়েছে, অংশুল কুঞ্চা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। অতিরিক্ত আয়ের জন্য সপ্তাহান্তে তিনি পিৎজা ডেলিভারি এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। 

Published on: Jun 7, 2026, 13:12:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Indian Shot Dead in US: মার্কিন যুক্তরাষ্ট্রে ফের ভারতীয়র মৃত্যু। ফিলাডেলফিয়ায় 'ভুয়ো' পিৎজা ডেলিভারির ফাঁদে পড়ে খুন হলেন তেলাঙ্গানার ২৮ বছর বয়সি যুবক অংশুল কুঞ্চা। পরিবারের দাবি, অংশুল কুঞ্চাকে ফাঁদে ফেলা হয়েছিল। জানা গিয়েছে, পিৎজার যে অর্ডার এসেছিল, সেটাও ফেক বা ভুয়ো। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী তেলুগু সম্প্রদায়ের মধ্যে।

ভুয়ো পিৎজা ডেলিভারির ফাঁদে গুলিতে ঝাঁঝরা তেলাঙ্গানার যুবক (সৌজন্যে টুইটার)
ভুয়ো পিৎজা ডেলিভারির ফাঁদে গুলিতে ঝাঁঝরা তেলাঙ্গানার যুবক (সৌজন্যে টুইটার)

পরিবার সূত্রে জানা গিয়েছে, অংশুল কুঞ্চা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। অতিরিক্ত আয়ের জন্য সপ্তাহান্তে তিনি পিৎজা ডেলিভারি এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। গত শনিবার রাতে তিনি একটি পিৎজা ডেলিভারির অর্ডার পান এবং নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালে সেখানে মারাত্মক হামলার শিকার হন। যা তাঁর প্রাণই কেড়ে নেয়। অভিযোগ, নির্জন একটি এলাকায় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল একটি ভুয়ো অর্ডারের মাধ্যমে। সেখানে পৌঁছনোর পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর সেখান থেকে পালিয়ে যায়। অংশুলের মাথায় একাধিক গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, অংশুলের কাছ থেকে কোনও জিনিসপত্র লুট করা হয়নি। ফলে হত্যার উদ্দেশ্য নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। স্থানীয় তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় এলাকায় দুই মুখোশধারী ব্যক্তিকে দেখা গিয়েছিল। তাঁদের আরও অভিযোগ, এর আগেও অংশুল মার্কিন যুক্তরাষ্ট্রে একবার ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। সে সময় তাঁর মোবাইল ফোন, চেইন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হলেও প্রাণনাশের মতো কোনও ঘটনা ঘটেনি।

অংশুলের বোন তন্বী কুঞ্চার অভিযোগ, পরকল্পনা করেই তাঁকে খুন করা হয়েছে। তিনি বলেন, 'আমার ভাইকে একটি পরিত্যক্ত এলাকায় পিৎজা পৌঁছে দিতে বলা হয়েছিল। পরে আমরা জানতে পারি সেটি ছিল একটি ভুয়ো অর্ডার। সেখানে কেউ ছিল না। এটি ছিল একটি ফাঁদ, যার একমাত্র উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। কেন এমন করা হল, তা আমরা জানি না। কিন্তু আমার ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।' অংশুলের দেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার আবেদন করেছেন তাঁর পরিবার। তন্বীর কথায়, 'আমার ভাই খুবই প্রাণবন্ত ছিল। প্রায় চার বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল। আমরা চাই যত দ্রুত সম্ভব তাঁর দেহ দেশে ফিরিয়ে আনা হোক।' এর পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। যদিও কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বা সন্দেহের কথা এখনও জানায়নি তারা। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে নিউইয়র্কে অবস্থিত ভারতীয় কনস্যুলেট। এক বিবৃতিতে তারা জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। অংশুলের নিথর দেহ যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়, তার জন্য সরকারের কাছে আকুল আর্জি জানিয়েছে তাঁর পরিবার। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী সোমবারের মধ্যে অংশুলের মরদেহ হায়দরাবাদে তাঁর বাড়িতে এসে পৌঁছাতে পারে। এই ঘটনায় ফিলাডেলফিয়া পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানা যায়নি। তদন্তকারীরা ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে খতিয়ে দেখছেন।