IMD on Cyclone Possibility: আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে? আপাতত সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাল না ভারতীয় মৌসম ভবন। বুধবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার নাগাদ উত্তর আন্দামান সাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যে সম্ভাব্য নিম্নচাপ পরবর্তীতে শক্তি বাড়িয়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাবে। তবে শেষপর্যন্ত সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সেই উত্তরটা পাওয়ার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
শুক্রবার উত্তর আন্দামান সাগরে, শনিবার সন্ধ্যায় নিম্নচাপ

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর থাইল্যান্ডের উপরে আপাতত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা শুক্রবার সন্ধ্যা নাগাদ সরে চলে আসবে উত্তর আন্দামানের উপরে। শনিবার সন্ধ্যায় সেটি পরিণত হতে পারে নিম্নচাপ। তারপর ধাপে-ধাপে শক্তি বাড়াতে থাকবে। সম্ভাব্য অভিমুখ হতে পারে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে।
উপকূল থেকে অনেক দূরে, তাই………
তবে সেটি আদৌও ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা হবে, সেই সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কতটা বৃষ্টি হবে, সে বিষয়ে আপাতত মৌসম ভবনের তরফে কিছু জানানো হয়নি। মৌসম ভবনের বিজ্ঞানীদের মতে, সেই সিস্টেম এখনও অনেকটা দূরে আছে উপকূল থেকে। ফলে এত তাড়াতাড়ি নিখুঁতভাবে কিছু বলা যাবে না। এত আগে পূর্বাভাস দেওয়া হলে সেটি নিখুঁত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকে বলে জানিয়েছেন আবহবিদরা।
আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গে সতর্কতা জারি
{{/usCountry}}আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গে সতর্কতা জারি
{{/usCountry}}তারইমধ্যে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে। সেজন্য সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।
তারইমধ্যে আজ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির দাপট কিছুটা বেশি হবে। তাই ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবার বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পুরুলিয়ায়। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।