India-France Rafale Deal: ঘুম উড়ল পাকিস্তানের! আসছে আরও রাফাল, অর্ধেকের বেশি তৈরি হবে ভারতেই
India-France Rafale Deal: এই চুক্তির অধীনে, ১১৪টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৯৪টি ভারতে তৈরি করা হবে। এই বিমানগুলি ফরাসি সংস্থা দাসো এভিয়েশন এবং একটি ভারতীয় সংস্থার সহযোগিতায় ‘মেক-ইন-ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে তৈরি করা হবে।
India-France Rafale Deal: আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা। বিমান বাহিনীর ক্ষমতা বাড়াতে ঐতিহাসিক পদক্ষেপ নিল দেশের প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের খবর, ভারতে আসতে চলেছে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান। তার মধ্যে ৯৪টি আবার তৈরি হবে ভারতের মাটিতেই। ইতিমধ্যেই দিল্লির তরফে ফ্রান্সের কাছে লেটার অব রিকোয়েস্ট (এলওআর) পাঠানো হয়েছে। এর মাধ্যমেই দুই দেশের মধ্যে সমরাস্ত্র লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। নথিতে থাকে সমরাস্ত্র সংক্রান্ত সমস্ত তথ্য। এই চুক্তির মোট মূল্য আনুমানিক ৩.২৫ লক্ষ কোটি টাকা।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ ফরাসি কর্মকর্তাদের কাছে লেটার অব রিকোয়েস্ট (এলওআর) পাঠিয়েছে। এই চুক্তির অধীনে, ১১৪টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৯৪টি ভারতে তৈরি করা হবে। এই বিমানগুলি ফরাসি সংস্থা দাসো এভিয়েশন এবং একটি ভারতীয় সংস্থার সহযোগিতায় ‘মেক-ইন-ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে তৈরি করা হবে। বাকি বিমানগুলো সরাসরি ফ্রান্স থেকে উড়িয়ে আনা হবে। কর্মকর্তারা বলেছেন, ফ্রান্সের তরফ থেকে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ভারতের পাঠানো লেটার অব রিকোয়েস্ট (এলওআর) -এর জবাব দেবে বলে আশা করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে ভারত-ফ্রান্সের মধ্যে আলোচনা ও চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এই মেগা ডিলকে দ্রুত বাস্তবায়িত করতে ইতিমধ্যেই ফ্রান্স পৌঁছে গিয়েছেন ভারতের এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। মনে করা হচ্ছে, তাঁর এই সফরেই রাফাল চুক্তির উচ্চপর্যায়ের জটগুলি কেটে যাবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও একটি ফ্রান্স সফর প্রস্তাবিত রয়েছে, যা এই চুক্তিকে এক চূড়ান্ত রাজনৈতিক ও কৌশলগত গতি দেবে।
যদিও ইতিমধ্যেই প্রস্তাবিত প্রকল্পের মূল্যায়ন করেছে ডিফেন্স প্রোকিওরমেন্ট বোর্ড বা ডিআরবি। সবকিছু খতিয়ে দেখে ছাড়পত্রও দিয়ে দিয়েছে তারা। এরপর যুদ্ধবিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসি। প্রশাসনিক সূত্রে খবর, ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকার এই চুক্তি বাস্তবায়িত হলে এটিই হবে ভারতের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি। জানা গিয়েছে, ফ্রান্স থেকে দাঁসো অ্যাভিয়েশন পাঠাবে ৪.৫ জেনারেশনের ২০টি রাফাল। বাকি ৯৪টিতে থাকবে মেক ইন ইন্ডিয়ার ছোঁয়া। সেগুলি দুই দেশের যৌথ উদ্যোগে ভারতেই তৈরি করা হবে। ভারতের পক্ষ থেকে ফ্রান্সের কাছে দাবি জানানো হয়েছে, রাফালে ৫০ শতাংশ দেশীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম ব্যবহার করতে হবে। ফ্রান্স ভারতের এই দাবি মানতে প্রস্তুত বলেই জানা গিয়েছে। এর ফলে ভারতের মহাকাশ ও বিমান উৎপাদন শিল্পে বড় ধরনের গতি আসতে পারে। এমনকী প্রতিরক্ষা কাজে ব্যবহৃত সামগ্রী উৎপাদনে আত্মনির্ভরতার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে। ১১৪টি রাফাল বিমানের এই চুক্তি ছাড়াও, ভারতীয় নৌবাহিনী আলাদাভাবে ৬২টি রাফাল মেরিন জেটও ক্রয় করছে। এই চুক্তির দলিলটি গত বছরের ২৮ এপ্রিল স্বাক্ষরিত হয়েছিল। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) ইতিমধ্যে ২০১৬ সালের সেপ্টেম্বরের একটি আন্তঃসরকারি চুক্তির অধীনে কেনা ৩৬টি রাফাল বিমান পরিচালনা করছে।
E-Paper

