সন্দেহে পাকিস্তান যোগ! উত্তর পূর্ব থেকে একাধিক ধরপাকড়, ধৃত Ex IAF অফিসারও
৬৪ বছর বয়সী বায়ুসেনার অবসরপ্রাপ্ত অফিসার কুলেন্দ্র শর্মার গতিবিধি গত কয়েকমাস ধরেই নজরে রাখা হয় বলে জানা গিয়েছে।
পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে সন্দেহে দেশের উত্তর পূর্ব এলাকা থেকে একাধিক জন সদ্য পুলিশের জালে ধরা পড়েছে। অসমের শিলচরে ও অরুণাচল প্রদেশ থেকে এদিন তিন ধৃতের মধ্যে একজন প্রাক্তন বায়ুসেনা অফিসারও রয়েছেন।

৬৪ বছর বয়সী বায়ুসেনার অবসরপ্রাপ্ত অফিসার কুলেন্দ্র শর্মার গতিবিধি গত কয়েকমাস ধরেই নজরে রাখা হয় বলে জানা গিয়েছে। তাঁর গতিবিধিতে সন্দেহ হতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, ভারতের বিরুদ্ধে দাঙ্গা এবং ষড়যন্ত্র,অপরাধের প্রমাণ অদৃশ্য করা এবংঅপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। অসমের পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে আমাদের নজরদারিতে ছিলেন। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেওয়া হয়েছিল এবং প্রাথমিক অনুসন্ধানের পরে, শুক্রবার রাতে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
ভারতীয় বায়ুসেনা থেকে অবসর গ্রহণের পর তিনি তেজপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স বিভাগে কাজ করেন, সেখান থেকে পরে অবসর গ্রহণ করেন কুলেন্দ্র শর্মা। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ, যে এই সময়ের মধ্যে তিনি গোপনে পাকিস্তানি গুপ্তচরবৃত্তি নেটওয়ার্কের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং স্পর্শকাতর তথ্য ভাগ করে নিয়েছিলেন। তদন্তের অংশ হিসাবে তল্লাশি চালানোর সময় পুলিশ শর্মার একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। সোনিতপুরের ডেপুটি পুলিশ সুপার হরিচরণ ভূমিজ জানিয়েছেন, ডিভাইসগুলির ডিজিটাল বিশ্লেষণে এমন উপাদান পাওয়া গেছে যা গুরুতর সন্দেহ তৈরি করেছে। তিনি বলেন, ‘আমরা ভারত সম্পর্কিত কিছু তথ্য পেয়েছি যা সন্দেহভাজন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে শেয়ার করা হয়েছে বলে মনে হচ্ছে।’
এদিকে, অরুণাচল প্রদেশে কাশ্মীরের দুই বাসিন্দা গ্রেফতার হয়েছে পাকিস্তানের সঙ্গে সন্দেহজনক যোগাযোগ ঘিরে। ২৬ বছরের হিলাল আহমেদকে অরুণাচলের পশ্চিম শিয়াং থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, সে পাকিস্তানের হ্যান্ডেলারদের সংবেদনশীল তথ্য পাচার করেছে। এই সপ্তাহে এই নিয়ে ৩ জনকে পাক-যোগ ও তথ্য পাচার সন্দেহে অরুণাচলে গ্রেফতার করা হয়েছে। এর আগে, এলাকায় সেনার ট্রুপের গতিবিধির তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগ ওঠে নাজির আহমেদ মালিকের বিরুদ্ধে। ২২ বছরের নাজিরকে গ্রেফতার করা হয়। নাজিরের বাড়ি জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায়। এরপর, দ্বিতীয় অভিযুক্ত, সাবির আহমেদ মীর, যে কুপওয়ারার বাসিন্দা, তাকে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে গ্রেফতার করা হয়। জম্মু ও কাশ্মীর থেকে ৩০০০ কিলোমিটার দূরে এই ৩ কাশ্মীরি বাসিন্দার বসবাস সম্পর্কে একাধিক প্রশ্ন উঠছে।জানা গিয়েছে, এদের মধ্যে নাজির জেরার মুখে জানিয়েছে, টেলিগ্রাম অ্যাপ পাকিস্তানি হ্যান্ডেলারদের কাছে কিছু তথ্য পাচার করেছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


