Muhammad Yunus Government Update: ইউনুসের সরকারের ২ উপদেষ্টা আজই বাংলাদেশ ছাড়ছেন, দাবি রিপোর্টে
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ১৬ ফেব্রুয়ারিই পদত্যাগ করে দেশ ছাড়তে পারেন। তাদের একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেইটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকেই 'সেফ এক্সিট' নিয়ে দেশ ছাড়তে পারেন বলে জল্পনা চলছিল। সেই জল্পনার আগুনে এবার ঘি ঢেলে বড় দাবি করলেন সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ১৬ ফেব্রুয়ারিই পদত্যাগ করে দেশ ছাড়তে পারেন। এই নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন তিনি। বাংলাদেশি সংবাদমাধ্যমে সেই দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জুলকারনাইন নিজের ফেসবুক পোস্টে লেখেন, 'অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাঁদের ঘনিষ্ঠ মহল বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেইটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না।' এদিকে সেফ এক্সিট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, উপদেষ্টারা দেশেই থাকবেন। এমনকী সব উপদেষ্টা সাংসদদের শপথ অনুষ্ঠানে থাকবেন বলেও দাবি করেছেন।
যদিও এর আগেই প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বাংলাদেশ ত্যাগ করেন। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন ১৪ ফেব্রুয়ারি সকালেই। রিপোর্ট অনুযায়ী, এই ফয়েজ আহমেদ আদতে নেদারল্যান্ডসের নাগরিক। তবে বাংলাদেশ ত্যাগ করে তিনি কোন দেশে গিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে তিনি বাংলাদেশ ত্যাগের সময় নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে। এদিকে এই ফয়েজের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে তিনি দাবি করেছেন, কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। বরং তাঁর দাবি, পুরনো নীতি পালটাতে তিনি 'পাগলের' মতো খেটেছেন। তাঁর আরও দাবি, যে মন্ত্রকের দায়িত্বে তিনি ছিলেন, সেটি দুর্নীতিগ্রস্ত ছিল। এবং তাতে তিনি স্বচ্ছতা এনেছেন।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


