Hindu and Muslim Growth Estimate: আগামী নয় বছরের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে চলেছে ইসলাম। সেরকমই পূর্বাভাস দেওয়া হল আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায়। ওই সমীক্ষা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টানদের ছাপিয়ে বিশ্বে মুসলিমদের সংখ্যা বেড়ে যাবে। আর ২০৭০ সালের মধ্যে সেই ফারাক আরও বাড়বে বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, ২০৭০ সালেও ভারতের ক্ষেত্রে হিন্দুদের জনসংখ্যাই বেশি থাকবে। কিন্তু অহিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
'খ্রিস্টানদের থেকে মুসলিমদের বৃদ্ধির হার অনেক বেশি হবে'

ওই আন্তর্জাতিক গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২০ সাল থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে যে খ্রিস্টান এবং মুসলিমদের সংখ্যা সামগ্রিকভাবে বাড়বে। কিন্তু ইসলাম ধর্মালম্বলীদের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেকটাই বেশি হবে।
২০৭০ সালে বিশ্বে কোন ধর্মের কত মানুষ থাকতে পারেন?
১) মুসলিম: ২০২০ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী ছিল ইসলাম। সেইসময় ২০২ কোটি মুসলমান ছিলেন। যা ২০৭০ সালে একলাফে বেড়ে ৩৬৪ কোটিতে পৌঁছে যাবে বলে ওই সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ ৫০ বছরে মুসলিম বাড়বে ৮০ শতাংশের মতো।
২) খ্রিস্টান: ওই সমীক্ষা অনুযায়ী, ২০৭০ সালে বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা হতে পারে ২৯৬ কোটি। যে সংখ্যাটা ২০২০ সালে ২২৭ কোটি ছিল। তার ফলে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীর তকমা ছিল খ্রিস্টানদের হাতে। এই ৫০ বছরে প্রায় ৩০ শতাংশ হারে খ্রিস্টান ধর্মের অনুসারী বাড়লেও ইসলামের নিরিখে অনেকটা পিছিয়ে পড়বে।
৩) ধর্মহীন: ২০২০ সালে ধর্মহীন মানুষের সংখ্যা ছিল ১৯১ কোটি। ওই সমীক্ষা অনুযায়ী, ২০৭০ সালে সেটা কমে ১৭২ কোটিতে নেমে যেতে পারে।
৪) হিন্দু: আবার ওই সংস্থার সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে যে ২০৭০ সালে বিশ্বে হিন্দুদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩৮ কোটি। ২০২০ সালে বিশ্বে হিন্দুর সংখ্যা ১১৮ কোটির মতো ছিল। অর্থাৎ এই ৫০ বছরে হিন্দুদের সংখ্যা বাড়বে ১৭ শতাংশের মতো।
৫) বৌদ্ধ: বৌদ্ধদের সংখ্যা হুড়মুড়িয়ে কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ওই সমীক্ষায়। ওই সমীক্ষা অনুযায়ী, ২০৭০ সালে বিশ্বে বৌদ্ধদের সংখ্যা দাঁড়াতে পারে মাত্র ২৫ কোটি। ৫০ বছরে জনসংখ্যা কমতে পারে ২২ শতাংশের মতো।
জন্মহারই মুসলিম জনসংখ্যা বৃদ্ধির আসল কারণ, মত বিশ্লেষকদের
আর ২০৭০ সালের মধ্যে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার আমূল পরিবর্তনের যে আভাস দেওয়া হয়েছে, সেটার নেপথ্যে জন্মহার রয়েছে বলে জানিয়েছেন পিউয়ের গবেষকরা। তাঁরা জানিয়েছেন, ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মায়েদের গড় সন্তানধারণের সংখ্যা ছিল ৩.১। যা খ্রিস্টানদের ক্ষেত্রে ২.৫ ছিল। আর অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে সেটা ১.৬-র মতো ছিল। সেই ধারা থেকেই পূর্বাভাস দেওয়া হচ্ছে যে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা সবথেকে বেশি হবে।
২০৭০ সালে ভারতে হিন্দুদের সংখ্যা কত হবে?
তারইমধ্যে ওই সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে যে ২০৭০ সালে ভারতে হিন্দুদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩০ কোটি। যা ২০২০ সালে ১১০ কোটি ছিল। তার ফলে ১৬ শতাংশের মতো বাড়বে হিন্দুদের সংখ্যা। সেখানে অহিন্দুদের সংখ্যা বাড়বে ৪২ শতাংশের মতো। তার ফলে ২০৭০ সালেও বিশ্বের অধিকাংশ হিন্দু ভারতে বসবাস করলেও দেশে অহিন্দুদের থেকে সেই ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই কম হবে।