NEET UG 2026 Exam Guidelines: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET-UG) বা সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা। ২০২৬ সালের নিট পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের বিভ্রান্তি এড়াতে এবং পরীক্ষা কেন্দ্রে কোনও অনভিপ্রেত পরিস্থিতি রোধ করতে এই নিয়মগুলো মেনে চলা বাধ্যতামূলক।
কঠোর ড্রেস কোড: কী পরবেন? আর কী নয়?
১) পোশাক: পরীক্ষার্থীদের হালকা রঙের হাফ হাতা পোশাক পরতে হবে। লম্বা হাতা বা ফুল স্লিভ জামা সম্পূর্ণ নিষিদ্ধ। বড় বোতাম, চেইন, বা কারুকার্য করা পোশাক এড়িয়ে চলাই শ্রেয়।
২) জুতো ও স্যান্ডেল: পরীক্ষা কেন্দ্রে চটি বা কম হিলযুক্ত স্যান্ডেল পরার অনুমতি রয়েছে। তবে বুট বা ভারী কোনও জুতো পরে আসা যাবে না।
৩) অলঙ্কার ও আনুষঙ্গিক: আংটি, কানের দুল, নাকছাবি, চেন, নেকলেস বা ব্রেসলেটের মতো কোনও ধাতব বস্তু পরা যাবে না। এমনকী ঘড়ি (অ্যানালগ বা ডিজিটাল) পরাও নিষিদ্ধ।
নিষিদ্ধ বস্তুর তালিকা: যা সঙ্গে রাখা যাবে না
১) কোনওপ্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন— মোবাইল ফোন, ব্লুটুথ হেডসেট, মাইক্রোফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ইত্যাদি।
২) বই, নোটস, জ্যামিতি বক্স, প্লাস্টিক পাউচ, পেন ড্রাইভ বা কোনো লিখিত কাগজ।
৩) খাবার বা জলের বোতল (সাধারণত কেন্দ্র থেকে পানীয় জল সরবরাহ করা হয়)। তবে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ অনুমতি সাপেক্ষে কিছু ছাড় পাওয়া যায়।
ওএমআর (OMR) শিট পূরণের সঠিক নিয়ম
{{/usCountry}}ওএমআর (OMR) শিট পূরণের সঠিক নিয়ম
{{/usCountry}}১) বৃত্ত পূরণ: ওএমআর শিটে নির্দিষ্ট বৃত্তটি সম্পূর্ণভাবে ভরাট করতে হবে। অর্ধেক ভরাট বা টিক মার্ক দিলে কম্পিউটার সেটি গ্রহণ করবে না।
২) কাটাকুটি নয়: ওএমআর শিটে কোনও সাদা ফ্লুইড (Whitener) বা ইরেজার ব্যবহার করা যাবে না। একবার বৃত্ত পূরণ হয়ে গেলে তা আর পরিবর্তন করা সম্ভব নয়।
৩) তথ্য যাচাই: নিজের রোল নম্বর, টেস্ট বুকলেট নম্বর এবং স্বাক্ষর করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।
পরীক্ষার হলের সময়সূচি ও শৃঙ্খলা
দুপুর দুটো থেকে পরীক্ষা হবে। দুপুর ১ টা ৩০ মিনিটে গেট বন্ধ হয়ে যাবে। গেট বন্ধ হয়ে যাওয়ার পর কোনওভাবেই ভিতরে প্রবেশের অনুমতি মিলবে না। কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে।
যাবতীয় গুরুত্বপূর্ণ নথি রেখে দেওয়া
পরীক্ষার দিন অযথা মানসিক চাপ না নিয়ে শান্ত থাকা জরুরি। অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড) আগের রাতেই গুছিয়ে রাখুন। ওএমআর শিট পূরণের আগে ইনভিজিলেটরের দেওয়া প্রতিটি নির্দেশ মন দিয়ে শুনুন।