Pakistan on Iran-US Talks: ইরান-মার্কিন আলোচনা ব্যর্থ হওয়ার পরে কী বলছে 'শান্তির দূত' পাকিস্তান?

Pakistan on Iran-US Talks: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার বলেন, ‘বেশ কয়েকটি দফার ক্ষেত্রে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফিল্ড মার্শাল আসিম মুনির এবং আমি উভয় পক্ষকে সহমত করতে চেষ্টা করেছিলাম। উভয় পক্ষের উচিত যুদ্ধবিরতির প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখা।’

Published on: Apr 12, 2026 1:01 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাকিস্তানে অনুষ্ঠিত ইরান এবং আমেরিকার আলোচনা ব্যর্থ হয়েছে। বিশ্বশান্তি স্থাপনের বার্তা দিতে গিয়ে 'দালালি' করা পাকিস্তানের এতে জোর ধাক্কা খেয়েছে। তবে আলোচনা ব্যর্থ হওয়ার পরে পাকিস্তান রবিবার বলল, দুই দেশের মধ্যে অর্থবহ আলোচনা যাতে জারি থাকে, তার জন্য প্রচেষ্টা চালাতে থাকবে পাকিস্তান। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার বলেন, 'বেশ কয়েকটি দফার ক্ষেত্রে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফিল্ড মার্শাল আসিম মুনির এবং আমি উভয় পক্ষকে সহমত করতে চেষ্টা করেছিলাম। উভয় পক্ষের উচিত যুদ্ধবিরতির প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখা। পাকিস্তানের পক্ষ থেকে এর জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চলতে থাকবে। আশা করা হচ্ছে, আগামী দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা হবে।'

ইরান-মার্কিন আলোচনা ব্যর্থ হওয়ার পরে মুখ খুলল পাকিস্তান (AFP)
ইরান-মার্কিন আলোচনা ব্যর্থ হওয়ার পরে মুখ খুলল পাকিস্তান (AFP)

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়িয়ে বলেছেন, আলোচনা সফল না হওয়ার দায় পাকিস্তানের নয়। তবে তাঁর কথায় স্পষ্ট, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর কথা সঠিক নয়। ভান্স স্পষ্ট বলেন, উল্লেখযোগ্য বেশ কিছু ইস্যুতে আলোচনা হয়েছে দুই পক্ষের কিন্তু কোনও ক্ষেত্রেই আলোচনা সফল হয়নি। এই আবহে 'কয়েকটি দফায় আলোচনা ফলপ্রসূ' হওয়া নিয়ে ইসহাক দার যে দাবি করেছেন, তা ভুয়ো। এদিকে ইসহাক দার ভবিষ্যতে ফের বৈঠক নিয়ে আশা প্রকাশ করলেও আমেরিকা বলে দিয়েছে, তারা চূড়ান্ত প্রস্তাব পেশ করে এসেছে। এদিকে ইরান পুনরায় আলোচনায় বসার কোনও ইঙ্গিত দেয়নি। বরং তাদের অভিযোগ, আমেরিকা অপ্রয়োজনীয় সব দাবি করেছে যার জেরে আলোচনা ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে এই আলোচনা উভয় পক্ষের জন্যেই খুব সংবেদনশীল ছিল। এই আবহে ইরানের তরফ থেকে ৭১ সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল পাকিস্তান। এদিকে আমেরিকার তরফ থেকে জানা গিয়েছে, প্রথম দিনের আলোচনায় দুই পক্ষ ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলে। উভয় দেশই তাদের খসড়া ও নথি উপস্থাপন করে। প্রাথমিকভাবে মনে হচ্ছিল, আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত এই শান্তি আলোচনা ব্যর্থ হয়। এই আবহে এবার আমেরিকা ফের ইরানে হামলা চালাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আবার ইরানও হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলা চালাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিতে পারে।

এদিকে আলোচনা ব্যর্থ হওয়ার পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, আলোচনা নিয়ে ভালো খবর ও দুঃসংবাদ রয়েছে। সুখবর হল, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। দুঃসংবাদটি হল কোনও চুক্তি না করেই পাকিস্তান থেকে ফিরে যাচ্ছি আমরা। আমেরিকার তরফ থেকে ইরানকে চূড়ান্ত এবং সেরা প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এখনও দরজা খোলা রেখেছেন। ইরান যদি তাঁর প্রস্তাব মেনে নেয়, তাহলে ইতিবাচক ফলাফল অর্জন করা যেতে পারে।' অপরদিকে ইরানের অভিযোগ, আমেরিকা অপ্রয়োজনীয় সব দাবি জানাচ্ছিল। সেই কারণেই এই আলোচনা সফল হয়নি বলেও দাবি ইরানের। এক বিবৃতি জারি করে ইরান বলে, 'দেশের জনগণের স্বার্থে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকার অহেতুক দাবি মেনে নেওয়া তাই আমাদের জন্য অসম্ভব। ইরানি প্রতিনিধি দলের ইতিবাচক মনোভাব সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অপ্রয়োজনীয় সব দাবি জানানো হয়। এই কারণেই আলোচনা বাধাগ্রস্ত হয়।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More