Woman Beaten By Parents: নাবালককে বিয়ের 'শাস্তি!' মাঝ রাস্তায় মেয়েকে বেধড়ক মারধর মা-বাবা'র

Woman Beaten By Parents: প্রতিবেদন অনুযায়ী, পঞ্চায়েতের সালিশি সভার পর ওই তরুণীর মা-বাবা তাঁকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনে। আর নিজের বাড়িতে ফেরার পরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

Published on: Jun 14, 2026, 12:33:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Woman Beaten By Parents: বিহারের মধেপুরা জেলায় প্রেম করে নাবালককে বিয়ে করার জেরে এক তরুণীকে বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর মা-বাবার বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মাঝ রাস্তায় মেয়েকে বেধড়ক মারধর মা-বাবা'র (সৌজন্যে টুইটার)
মাঝ রাস্তায় মেয়েকে বেধড়ক মারধর মা-বাবা'র (সৌজন্যে টুইটার)

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে মধেপুরার একটি গ্রামে। ওই তরুণীর নাম পুজো কুমারী (২২)। তিনি প্রায় এক মাস আগে বিট্টু কুমার নামে ১৭ বছরের এক যুবককে বিয়ে করেন। জানা গেছে, তাঁরা আত্মীয় এবং পাশাপাশি এলাকায়ই বসবাস করেন। সম্প্রতি তাঁদের বিয়ের কথা জানাজানি হতেই দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং গ্রামবাসীরাও এতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এই বিয়ে নিয়ে গ্রাম পঞ্চায়েত সম্প্রতি সালিশি সভা বসিয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়, ওই দম্পতিকে আলাদা করে দেওয়া হবে। পাশাপাশি ছেলের পরিবারের ওপর ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয় ও সেই টাকা মেয়ের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, পঞ্চায়েতের সালিশি সভার পর ওই তরুণীর মা-বাবা তাঁকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনে। আর নিজের বাড়িতে ফেরার পরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এই ঘটনাটি ঘটে গত ৮ জুন। পরে শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই তরুণীর মা তাঁকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দিচ্ছেন ও মারধর করছেন। একই সঙ্গে তাঁর বাবা তাকে মারধর করেন ও গলায় পা চেপে ধরেন। ভিডিওতে আরও দেখা যায়, ঘটনাটি গ্রামের লোকজনের উপস্থিতিতেই ঘটছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এদিকে, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় ও বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই তরুণীকে সুরক্ষামূলক হেফাজতে নেয় ও থানায় নিয়ে যায়। শঙ্করপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার সংবাদমাধ্যম এনডিটিভিকে ফোনে জানান, ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, ভাইরাল ভিডিও ও অভিযোগের ভিত্তিতে পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।