Thalapathy Vijay: প্রশান্ত কিশোরের দল জন সুরাজ গত বছর বিহার বিধানসভা নির্বাচনে একটি আসনও জিততে পারেনি। ওই সাক্ষাৎকারে তাঁকে মনে করিয়ে দেওয়া হয় যে ‘জয়’ বলতে টিভিকে-কে ১১৮টি আসনে জয়ী হতে হবে, যা ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন, তখনও প্রশান্ত কিশোর তাঁর দাবিতে অনড় থাকেন।
Thalapathy Vijay: তামিলনাড়ু তার নতুন ‘থলপতি’ পেতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। 'থলপতি' একটি তামিল শব্দ, যার অর্থ ‘সেনাপতি’ বা ‘জনগণের নেতা’, অর্থাৎ যিনি জনগণের ভালোবাসা উপভোগ করেন। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে এক নতুন রাজনৈতিক মহাকাব্যের চিত্রনাট্য। কয়েক দশক ধরে চলা ডিএমকে ও এআইডিএমকে-র দ্বিমুখী আধিপত্যকে চুরমার করে দিয়ে ২০২৪-এ গজিয়ে ওঠা অভিনেতা বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে) যে অভাবনীয় লিড দিচ্ছে, তাতে স্তম্ভিত রাজনৈতিক মহল। কিন্তু তাঁর এই সাফল্যের পূর্বাভাস এক বছর আগেই দিয়েছিলেন দেশের অন্যতম শ্রেষ্ঠ ভোটকুশলী। আজ তাঁর সেই পুরনো মন্তব্য ‘ভবিষ্যদ্বাণী’ হিসেবে ফিরে আসছে।
গত ২৯ এপ্রিল যখন এক সংস্থা দাবি করেছিল যে, তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল টিভিকে ৯৮ থেকে ১২০টি আসন জিততে পারে, তখন অনেকেই এটিকে উপহাস করেছিলেন। কোনও রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই একজন অভিনেতার নেতৃত্বে এই প্রথম নির্বাচনে অংশ নেওয়া একটি দল কীভাবে এমন বড় সাফল্য পেতে পারে, তা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। সেই সংস্থার পরিসংখ্যানগুলো ছিল মূলত ভোট গ্রহণের পর বুথ ফেরত সমীক্ষার ওপর ভিত্তি করে। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক বছরেরও বেশি সময় আগে টিভিকে’র সাফল্য নিয়ে করা আরেকটি ভবিষ্যদ্বাণী এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। টিভিকে গঠনের ঠিক এক বছর পর গত বছরের মার্চ মাসে তন্থি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোটকুশলী থেকে রাজনীতিবিদ প্রশান্ত কিশোরের কাছে দলটির ভবিষ্যৎ এবং এর প্রতিষ্ঠাতা তামিল সিনেমার সুপারস্টার বিজয়কে নিয়ে প্রশ্ন করা হয়েছিল।সে সময় প্রশান্ত কিশোর বলেছিলেন, 'বিজয়ের অঙ্গীকার হলো এককভাবে লড়াই করা। আমি এর কোনও পরিবর্তন দেখছি না। তিনি যদি এককভাবে লড়াই করেন, তবে তামিলনাড়ুতে তাঁর জেতার ভালো সম্ভাবনা রয়েছে।'
বলে রাখা ভালো, প্রশান্ত কিশোরের দল জন সুরাজ গত বছর বিহার বিধানসভা নির্বাচনে একটি আসনও জিততে পারেনি। ওই সাক্ষাৎকারে যখন তাঁকে মনে করিয়ে দেওয়া হয় যে ‘জয়’ বলতে টিভিকে-কে ১১৮টি আসনে জয়ী হতে হবে, যা ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন, তখনও প্রশান্ত কিশোর তাঁর দাবিতে অনড় থাকেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, 'হ্যাঁ, একদম। এই ভিডিওটি রেখে দিন এবং তামিলনাড়ুর নির্বাচনী ফলাফল প্রকাশের দিন এটি চালিয়ে দেখবেন।' এদিকে, প্রশান্ত কিশোরের প্রতিষ্ঠিত রাজনৈতিক কৌশল বিষয়ক প্রতিষ্ঠান 'আই-প্যাক' তামিলনাড়ুতে টিভিকে’র সঙ্গে কাজ করেছে বলে গুঞ্জন রয়েছে। তবে ওই সাক্ষাৎকারে বিজয়ের সঙ্গে তাঁর এবং দলের সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে কিশোর বলেছিলেন, 'আমরা রাজনৈতিক সহযোগীর চেয়ে বেশি বন্ধুর মতো। পাঁচ বছর আগে আমাদের প্রথম কথা হয়েছিল... আমি তাঁর রাজনৈতিক উপদেষ্টা নই। আমাদের আদর্শগত মূল্যবোধ এক।'