President Droupadi Murmu: 'তাঁর জীবনযাপন দেশের...,' জন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

President Droupadi Murmu: ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী দ্রৌপদী মুর্মু ২০২২ সালের ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশের প্রথম আদিবাসী মহিলা এবং সর্ব কনিষ্ঠ রাষ্ট্রপতি।

Published on: Jun 20, 2026, 13:13:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

President Droupadi Murmu: শনিবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন। আর সেই উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী মোদী।

জন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর (সৌজন্যে টুইটার)
জন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর (সৌজন্যে টুইটার)

শনিবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, 'ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা। সাহস, সারল্য, নম্রতা এবং জনসেবার প্রতি অবিচল দায়বদ্ধতার এক অনন্য নজির গড়েছেন দ্রৌপদী মুর্মু। তাঁর জীবনযাপন দেশের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।’ দেশ গঠনে এবং সমাজ কল্যাণে রাষ্ট্রপতির অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'বহু বছর ধরে তিনি দেশের সেবা করে আসছেন। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণের বিষয়ে তিনি অত্যন্ত আবেগপ্রবণ। ভারতের উন্নয়নের প্রতি তাঁর এই অবিচল নিষ্ঠা সবাইকে দারুণ ভাবে অনুপ্রাণিত করে। তাঁর দীর্ঘ, সুস্থ ও কর্মময় জীবন কামনা করি।’ সূত্রের খবর, শনিবারই ওড়িশায় একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্টে রাষ্ট্রপতির জন সেবা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রশংসা করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আদিবাসী সমাজের উন্নতির পিছনে রাষ্ট্রপতির নিষ্ঠা দেশের সমস্ত নাগরিকের অনুপ্রেরণা। মহাপ্রভু শ্রী জগন্নাথের কাছে রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করি।’

এক ঝলকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী দ্রৌপদী মুর্মু ২০২২ সালের ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশের প্রথম আদিবাসী মহিলা এবং সর্ব কনিষ্ঠ রাষ্ট্রপতি। এর আগে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উপরবেদা গ্রামের এক সাঁওতাল পরিবারে জন্ম দ্রৌপদী মুর্মুর। তাঁর পড়াশোনা শুরু হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে। এর পরে তিনি ভুবনেশ্বর থেকে উচ্চ শিক্ষা লাভ করেন। তিনি তাঁর গ্রামের প্রথম কন্যা যিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কলেজের ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রমাদেবী উইমেনস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক হন। প্রত্যন্ত আদিবাসী গ্রাম থেকে রাষ্ট্রপতি ভবন- তাঁর এই উত্থান সমকালীন ভারতের অন্যতম অনুপ্রেরণা।