Punjab News: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেই উত্তপ্ত পাঞ্জাব! শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি বিরোধী শিবিরের, সরব আপ

Punjab education minister: রাজধানী দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে দীর্ঘ এক মাসের আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরেই এই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার পরই সুর চড়িয়েছে বিজেপি।

Published on: Jul 27, 2026, 12:19:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Punjab education minister: ছাত্র ও যুব আন্দোলনের চাপে ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। ছাত্র-যুবদের আন্দোলনে মুখ পুড়েছে বিজেপির। এবার প্রশ্নফাঁস ইস্যুকে হাতিয়ার করে পাঞ্জাবে আম আদমি সরকারের উপর চাপ বাড়ালো বিজেপি। রাজ্যের শিক্ষামন্ত্রী হরজ্যোৎ সিং বেইনসের ইস্তফার দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অভিযোগ অস্বীকার করে বলেছেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোনও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেই উত্তপ্ত পাঞ্জাব! (HT_PRINT)
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেই উত্তপ্ত পাঞ্জাব! (HT_PRINT)

রাজধানী দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে দীর্ঘ এক মাসের আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরেই এই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার পরই সুর চড়িয়েছে বিজেপি। সম্প্রতি বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে, পিএসইবি দ্বাদশ শ্রেণির ইংরেজি বোর্ড পরীক্ষা, পাঞ্জাব রাজ্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা (পিএসটিইটি) এবং কৃষি উন্নয়ন আধিকারিক (এডিও) নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, 'পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন? নৈতিকতার খাতিরে অরবিন্দ কেজরিওয়াল কবে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইবেন?'

রবিবার বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু রাজ্যের শিক্ষামন্ত্রী হরজোট সিং - এর পদত্যাগ দাবি করেছেন। তাঁর অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। লুধিয়ানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিট্টু বলেন, 'প্রশ্নপত্র ফাঁস হয়েছে, বিক্রিও করা হয়েছে। এমনকী সাফাই কর্মীদেরও স্থায়ী করা হয়নি বা উপযুক্ত কর্মসংস্থান দেওয়া হয়নি...এই পরিস্থিতিতে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত...।' এর আগে শিরোমণি অকালি দল (এসএডি)-ও একই দাবি তোলে। দলের অভিযোগ, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট, দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা এবং ফার্মাসি অফিসার নিয়োগ পরীক্ষা-সহ মোট ছয়টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর ফলে রাজ্যের বিপুল সংখ্যক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি বিরোধীদের। একই ইস্যুতে অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মানকে বিঁধেছে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং। সোশ্যাল মিডিয়ায় তোপ দেগে তিনি লেখেন, 'পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজ্যোৎ সিং বেইনস কবে পদত্যাগ করবেন? বিগত চার বছরে ছয়টি বড় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। অজস্র ছাত্রছাত্রীর স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে, অথচ কারও কোনও দায়বদ্ধতা নেই! পঞ্জাবের ছাত্র সমাজ এর জবাব চায়।'

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

তবে বিজেপি ও কংগ্রেসের এই সমস্ত অভিযোগকে পুরোপুরি 'ভুয়ো খবর' ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসকদল আম আদমি পার্টি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান স্পষ্ট জানান, বিগত সাড়ে চার বছরে পাঞ্জাবে একটিও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। নিজের সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি পাঞ্জাবের মানুষকে আশ্বস্ত করছি যে এখানে কোনও প্রশ্নপত্র ফাঁস হবে না, এটা আমার গ্যারান্টি। দু'টি জায়গায় টোকাটুকির চেষ্টা হয়েছিল ঠিকই, কিন্তু কোনও কাগজ ফাঁস হয়নি। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি এবং ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।' পাশাপাশি আপের আর এক নেতা বলতেজ পান্নু বলেন, 'যে অভিযোগ করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। পরীক্ষায় ইলেক্ট্রনিক গ্যাজেট ব্যবহার করতে গিয়ে এক পরীক্ষার্থী ধরা পড়েছিলেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সেটাকে প্রশ্নফাঁস বলে দাবি করে এই বিজেপি ও কংগ্রেস তাদের জমানার পাপ থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। কেন্দ্রে বিজেপির জমানায় ৯০টির বেশি প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। এরা এখন অন্যের ঘাড়ে দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ সত্যিটা জানে।'