K. Annamalai leaves BJP: জল্পনার অবসান! BJP ছাড়লেন কে আন্নামালাই, নতুন দল গড়ার ভাবনা?
K. Annamalai leaves BJP: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় এক মাস পর কে আন্নামালাইয়ের এই পদত্যাগের ঘটনা ঘটল।
K. Annamalai leaves BJP: গত কয়েকদিন ধরে চলা তীব্র জল্পনার অবসান। অবশেষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই। শুক্রবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্নামালাইয়ের দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার আর্জি গ্রহণ করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

প্রাক্তন এই আইপিএস অফিসার তামিলনাড়ুতে বিজেপির অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন। তাঁর আগ্রাসী প্রচারের ধরণ, রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া ভাষায় আক্রমণ এবং নিবিড় জনসংযোগ রাজ্যে দলের কর্মীদের চাঙ্গা করতে এবং বিজেপির গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। জানা গিয়েছে, আন্নামালাই যাতে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন, সে জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে শেষ মুহূর্ত পর্যন্ত বিস্তর চেষ্টা চালানো হয়েছিল। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব অত্যন্ত আশাবাদী ছিলেন যে আন্নামালাইকে বুঝিয়ে শেষ পর্যন্ত দলে রেখে দেওয়া সম্ভব হবে। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্তেই অটল থাকলেন প্রাক্তন এই আইপিএস অফিসার। তাঁর এই আকস্মিক পদত্যাগ দক্ষিণ ভারতের রাজনীতিতে, বিশেষ করে তামিলনাড়ুতে বিজেপির সংগঠনে বড়সড় ধাক্কা দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় এক মাস পর তাঁর এই পদত্যাগের ঘটনা ঘটল। নির্বাচনে অভিনেতা ও রাজনীতিক সি. জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে (টিভিকে) প্রথমবারের মতো অংশ নিয়েই রাজ্যের বৃহত্তম দলে পরিণত হয় এবং অভিনেতা বিজয় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। অন্যদিকে, বিজেপি নির্বাচনে হতাশাজনক ফল করে। দলটি মাত্র একটি আসনে জয় পায়, যেখানে আগের নির্বাচনে তাদের চারটি আসন ছিল। তবে ভোটের হার সামান্য বেড়ে ২.৯৭ শতাংশে দাঁড়ায়, যা আগের নির্বাচনে ছিল ২.৬৭ শতাংশ। আন্নামালাইয়ের পদত্যাগের পর তামিলনাড়ুতে বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব ও তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কে আন্নামালাই কী নতুন দল গঠন করবেন?
এদিকে, অন্নামালাইয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, তিনি শীঘ্রই একটি জনআন্দোলন শুরু করতে পারেন, যা ভবিষ্যতে রাজনৈতিক দলে রূপ নিতে পারে। এই আবহে বৃহস্পতিবার এক্স-এ করা এক পোস্টে অন্নামালাই জানান, শুক্রবার দুপুর ১২টা নাগাদ তিনি সমর্থকদের উদ্দেশে নিজের ভাবনা তুলে ধরবেন এবং খোলামেলা আলোচনা করবেন। এই ঘোষণার পর থেকেই জোরালো হয়েছে জল্পনা যে, প্রাক্তন আইপিএস অফিসার অন্নামালাই বিজেপি ছাড়ার পর তাঁর পরবর্তী রাজনৈতিক পরিকল্পনা প্রকাশ করতে চলেছেন। রাজনৈতিক মহলের মতে, তামিলনাড়ুতে বিজেপির কৌশল নিয়ে দলের অভ্যন্তরে মতপার্থক্যই এই পরিস্থিতির অন্যতম কারণ। সূত্রের খবর, বিজেপি পুনরায় এআইএডিএমকের সঙ্গে জোটে ফেরার সিদ্ধান্ত নেওয়া এবং অন্নামালাইকে রাজ্য সভাপতির পদ থেকে সরানোর পর থেকেই অসন্তোষ বাড়তে থাকে। অন্নামালাই নাকি তামিলনাডুতে বিজেপির স্বতন্ত্র রাজনৈতিক পথের পক্ষেই ছিলেন।
এছাড়াও, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে তাঁকে গুরুত্বহীন করে রাখা হয়েছে বলে তিনি মনে করতেন। দলের জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার আশা থাকলেও তা বাস্তবায়িত না হওয়ায় তিনি হতাশ ছিলেন বলেও সূত্রের দাবি। এমনকি বিজেপির প্রস্তাবিত রাজ্যসভা আসনের প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছিলেন বলে জানা গেছে। অন্নামালাইয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
E-Paper

