Rajya Sabha: জয় বিজেপির! রাঘব-সহ ৭ সাংসদকে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যসভা চেয়ারম্যানের, সঙ্কটে AAP
Rajya Sabha: শুক্রবারই সাতজন রাজ্যসভা সাংসদ দলত্যাগের ঘোষণা করার পর আম আদমি পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। এই ঘটনার জেরে রাজ্যসভায় বিজেপির শক্তি আরও মজবুত হল। বর্তমানে আপের হয়ে উচ্চকক্ষে রয়েছেন মাত্র তিনজন।
Rajya Sabha: অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে নজিরবিহীন ধস। শুক্রবার রাঘব চাড্ডার নেতৃত্বে আপ-র ৭ জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দেন। এবার রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন আম আদমি পার্টির ৭ জন সাংসদের বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করলেন। আর এই সিদ্ধান্তের ফলে উচ্চকক্ষে আম আদমি পার্টির অস্তিত্ব সংকটের মুখে। কারণ, তাদের রাজ্যসভায় সদস্য সংখ্যা কমে দাঁড়াল মাত্র তিনে। অন্যদিকে, বিজেপির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩।

নতুন সাংসদের প্রশংসায় বিজেপি
গেরুয়া শিবিরে যোগ দেওয়া আম আদমি পার্টির সাংসদদের নাম হল- রাঘব চাড্ডা, অশোক কুমার মিত্তল, হরভজন সিং, সন্দীপ কুমার পাঠক, বিক্রমজিৎ সিং সাহনি, স্বাতী মালিওয়াল এবং রাজিন্দর গুপ্তা। সোমবার আপ ছেড়ে রাজ্যসভার সাতজন সাংসদের বিজেপিতে যোগদান ও মিশ্রণকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি তাঁদের সংসদীয় আচরণের প্রশংসা করে বলেন, তাঁরা কখনও কুরুচিকর ভাষা ব্যবহার করেননি বা শৃঙ্খলাভঙ্গ করেননি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ কিরেন রিজিজু লেখেন, 'রাজ্যসভার মাননীয় চেয়ারম্যান সি.পি. রাধাকৃষ্ণন ৭ জন আপ সাংসদের বিজেপিতে মিশ্রণ অনুমোদন করেছেন। এখন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, হরভজন সিং, স্বাতী মালিওয়াল, রাজিন্দর গুপ্তা এবং বিক্রমজিৎ সিং সাহনি বিজেপি সংসদীয় দলের সদস্য।'
সংসদে তাঁদের আচরণের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করেছি, এই ৭ জন সাংসদ কখনও কুরুচিকর ভাষা ব্যবহার করেননি এবং কোনও বিশৃঙ্খলতা বা অসংসদীয় আচরণ করেননি।' তাঁদের বিজেপিতে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে দেশ গঠনের এনডিএ-তে আপনাদের স্বাগত এবং ‘টুকরে-টুকরে’ ইন্ডি জোটকে বিদায়।' শুক্রবারই সাতজন রাজ্যসভা সাংসদ দলত্যাগের ঘোষণা করার পর আম আদমি পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। এই ঘটনার জেরে রাজ্যসভায় বিজেপির শক্তি আরও মজবুত হল। বর্তমানে আপের হয়ে উচ্চকক্ষে রয়েছেন মাত্র তিনজন সাংসদ- সঞ্জয় সিং, নারায়ণ দাস গুপ্তা এবং সন্ত বালবীর সিং। দলত্যাগকারী সাতজন সাংসদের মধ্যে ছয়জনই ছিলেন পাঞ্জাবের। ফলে সে রাজ্য থেকে আপের হয়ে কেবল একজনই বিধায়ক রইলেন-সন্ত বালবীর সিং।
আপ-কে 'টক্সিক' ব্যাখ্যা রাঘব চাড্ডার
দলবদলের পর প্রথমবার প্রকাশ্যে এসে নীরবতা ভাঙলেন রাঘব চাড্ডা। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে সোমবার নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে খোলাখুলি কথা বললেন তিনি। নিজেকে দলের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন দাবি করে তিনি বলেন, 'রাজনীতি করতে আসিনি। নিজের রক্ত-ঘাম দিয়ে ১৫ বছরের তরুণ বয়স এই দলে এসেছিলাম। অথচ এখন মনে হয়, আমি ঠিক মানুষ, কিন্তু ভুল দলে ছিলাম।' রাঘব জানান, সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি পথ ভেবেছিলেন, রাজনীতি ছেড়ে দেওয়া, দলের ভেতরে পরিবর্তনের চেষ্টা করা, অথবা অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে যাওয়া। শেষ পর্যন্ত তিনি তৃতীয় পথটাই বেছে নেন। রাঘবের অভিযোগ, 'এখন দলের পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। কাজ করতে দেওয়া হয় না, সংসদে কথা বলতে বাধা দেওয়া হয়। এই দল আর আগের দল নেই।' তিনি আরও জানান, 'একজন ভুল হতে পারে, দু’জন ভুল হতে পারে, কিন্তু সাতজন ভুল হতে পারে না।' তাঁর দাবি, এই সিদ্ধান্ত কারও চাপে নয়, গভীর হতাশা, বিরক্তি ও বীতশ্রদ্ধতা থেকেই তাঁরা দল ছাড়তে বাধ্য হয়েছেন।
E-Paper

