Pakistan invites India for SCO Hockey: ভারতকে SCO হকি টুর্নামেন্ট খেলতে আমন্ত্রণ পাকের! ভারতীয় কূটনীতিবিদের মুখে লাহোরও
Pakistan invites India for SCO Hockey: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) হকি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। সেজন্য ভারত-সহ সব সদস্য দেশকে আমন্ত্রণ করা হচ্ছে বলে পাকিস্তানের তরফে দাবি করা হল। ইসলামাবাদে হবে সেই প্রতিযোগিতা।
Pakistan invites India for SCO Hockey: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) হকি টুর্নামেন্টের জন্য ভারতকে আমন্ত্রণ জানাল পাকিস্তান। ইসলামাবাদে তিনদিনের এসসিও জাতীয় সমন্বয়কদের বৈঠকের শেষে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে সেই দাবি করে জানানো হয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত এসসিও হকি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওই প্রতিযোগিতায় খেলার জন্য ১০টি সদস্য দেশকেই আমন্ত্রণ জানানো হচ্ছে। নির্দিষ্টভাবে ভারতের নাম না করা হলেও তালিকায় ভারতও আছে বলে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে। তবে সেই আমন্ত্রণ নিয়ে আপাতত ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

ইসলামাবাদের SCO-র ৩ দিনের বৈঠক হল
এমনিতে গত ২৮ সেপ্টেম্বর থেকে ইসলামাবাদে এসসিওয়ের জাতীয় সমন্বয়কদের বৈঠক হয়। সেখানে জাতীয় সমন্বয়ক আলোক ডিমরির নেতৃত্বে যোগ দেয় ভারতের একটি প্রতিনিধি দলও। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তিনদিনের বৈঠকের মধ্যেই সদস্য দেশের জাতীয় সমন্বয়করা ইসলামাবাদের নাসির বান্দা হকি স্টেডিয়াম পরিদর্শন করে দেখেন। যেখানে ওই হকি প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক।
SCO-তে কোন কোন দেশ আছে?
এসসিওয়ের সদস্য বলতে ১০টি দেশ আছে - ভারত, রাশিয়া, চিন, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান এবং বেলারুশ। এবার সেই গোষ্ঠীর চেয়ারম্যানশিপের ব্যাটন আছে পাকিস্তানের হাতে। সেইমতো ইসলামাবাদে জাতীয় সমন্বয়কদের বৈঠকের আয়োজন করা হয়। আগামী বছর অগস্টে পাকিস্তানই এসসিও গোষ্ঠীর সদস্য দেশগুলি রাষ্ট্রনেতাদের বৈঠক আয়োজন করবে।
ভারতীয় কূটনীতিবিদ কী বললেন?
সেই মেগা ইভেন্টের প্রস্তুতি হিসেবে ইসলামাবাদে জাতীয় সমন্বয়কদের যে বৈঠক হয়েছে, সেখানে ভারতের কূটনীতিবিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন, তাতে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি প্রদান করেছে এসসিওয়ের সদস্য দেশগুলি। আগামী ২০ নভেম্বর নয়াদিল্লিতে সেই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে পাকিস্তানের পিটিভি নিউজে জানিয়েছেন ভারতীয় কূটনীতিবিদ।
তারইমধ্যে ওই সংবাদমাধ্যমের তরফে যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, তাতে ভারতীয় কূটনীতিবিদকে বলতে শোনা গিয়েছে, '(পাকিস্তানে) আমার প্রথম সফর হল ইসলামাবাদে। তবে লাহোর, শিয়ালকোট বা ফয়সলাবাদ দেখার ইচ্ছা ছিল আমার।' সেইসঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন যে বিভিন্ন ক্ষেত্রে এসসিও সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক এবং সমন্বয় আরও ভালো হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


