Terror:দিল্লি ঘিরে সন্ত্রাসী ছক! টার্গেট কিলিং,গ্রেনেড হানার প্ল্যান,পর্দাফাঁস ISIর অপরাধী মডিউলের,আড়ালে শেহজাদ ভাট্টি
ISI criminal module busted:পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইর অপরাধী মডিউলের পর্দাফাঁস করেছে। ঘটনা ঘিরে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, পাকিস্তানে আন্ডারওয়ার্ল্ড ডন হিসাবে শেহজাদ ভাট্টির নাম রয়েছে। এর আগে, পর্তুগালে শেহজাদ ভাট্টিকে খুন করার জন্য ভারতের লরেন্স বিষ্ণোই গ্যাং তৎপর হয়েছিল।
রাত পোহালেই আরও এক ২২ এপ্রিল। ২০২৫ সালের এই অভিশপ্ত দিনেই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে চলেছিল পাকিস্তানি সন্ত্রাসী হামলা। মুহূর্তে রক্তাক্ত হয় ভূস্বর্গ। সেই ২২ এপ্রিলের আগে, চলতি বছরে দেশের একাধিক জায়গায় নিরাপত্তা ক্রমেই আঁটোসাটো হতে শুরু করেছে। তারই মাঝে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইর অপরাধী মডিউলের পর্দাফাঁস করেছে। ঘটনা ঘিরে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যাচ্ছে, দিল্লিতে গ্রেনেড হামলা ও টার্গেট কিলিং ঘিরে কিছু নাশকতার ছক ছিল আইএসআইএর অপরাধী মডিউলের। এক্ষেত্রে পাকিস্তানে বসে থাকা কুখ্যাত গ্যাংস্টার শেহজাদ ভাট্টির নাম উঠছে। জানা যাচ্ছে, পাকিস্তান থেকে নেটওয়ার্ক চালানো শেহজাদের ইশারায়, দিল্লি ও এনসিআর ঘিরে গ্রেনেড হামলা, ফায়ারিং, টার্গেট কিলিং-র জন্য কিছু যুবককে কাজ করানো হচ্ছিল। দিল্লি পুলিশের জালে ২১ ও ১৯ বছর বয়সী যুবক রাজবীর ও বিবেক বঞ্জারাকে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তানে বসে আইএসআই, দিল্লি-এনসিআর-এ হামলার ছক কষছে। গত ৩১ মার্চ ২০২৬ সালে সেই ইনপুট আসে দিল্লি পুলিশের কাছে। এরপর থেকে শুরু হয়ে যায় তদন্ত। তদন্তে নেমে ১৬ এপ্রিল বিবেককে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারের ডাবরা থেকে পুলিশ পাকড়াও করে। এরপর শুরু হয় জেরা। পরে ১৮ এপ্রিল রাজবীর পুলিশের জালে ধরা পড়ে। রাজবীরকে জেরা করে পুলিশ জানতে পারে, পাকিস্তান থেকে তারা নির্দেশ পেত দিল্লিতে বড় হামলা করার। এরপর পুলিশ এই দুজনের ডেরা থেকে অস্ত্র উদ্ধার করে। পিস্তল, গুলি ছাড়াও ডিজিটাল কিছু প্রমাণ পুলিশ পায়, যেখানে তারা পাকিস্তানে বসে থাকা হ্যান্ডেলারদের ভূমিকার হদিশ পায়।
এ বিষয়ে তথ্য দিয়ে স্পেশাল সেলের ডেপুটি কমিশনার অফ পুলিশ প্রবীণ কুমার ত্রিপাঠি জানান যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, স্পেশাল সেল তথ্যদাতাদের কাছ থেকে খবর পেয়েছিল যে, পাকিস্তান-ভিত্তিক গ্যাংস্টার শাহজাদ ভাট্টি এবং অন্যান্য আইএসআই এজেন্টরা ভারতে তাদের কিছু সহযোগীর সঙ্গে মিলে দিল্লি-এনসিআর অঞ্চল ও তার আশেপাশের এলাকায় গ্রেনেড হামলা ও টার্গেট কিলিং চালানোর জন্য একটি অপরাধমূলক ষড়যন্ত্র করছিল।
শেহজাদ ভাট্টি কে?
পাকিস্তানে আন্ডারওয়ার্ল্ড ডন হিসাবে শেহজাদ ভাট্টির নাম রয়েছে। এর আগে, পর্তুগালে শেহজাদ ভাট্টিকে খুন করার জন্য ভারতের লরেন্স বিষ্ণোই গ্যাং তৎপর হয়েছিল। সেই সময় পর্তুগালে, শেহজাদ যেখানে ছিল,সেই বাড়িতে হামলা হয় বলেও খবর আসে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই খবর ছিল, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-র 'ডান হাত', শেহজাদ, ভারতে তার গ্যাংরে কলেবর বাড়াচ্ছে। পাচারচক্রে সিদ্ধহস্ত এই শেহজাদ। মাদক, অস্ত্র পাচারে পাকিস্তানের অন্যতম কুখ্যাত নাম সে। আন্তর্জাতিক সংযোগকে কাজে লাগিয়ে, পাকিস্তানের সীমান্ত পার করে শেহজাদ তার চক্র চালায়। তার অন্যতম বিপক্ষ শিবির হল লরেন্স বিষ্ণোই গ্যাং।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


