Pakistan Minister in India: 'হাত কাটার' হুমকি দিয়েছিলেন, সেই পাকিস্তানি মন্ত্রী এলেন ভারতে, আক্রমণ বিরোধীদের
Pakistan Minister in India: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতে এলেন পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মালিক। যিনি একটা সময় ‘হাত কেটে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন। তা নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করল বিরোধীরা।
Pakistan Minister in India: নয়াদিল্লিতে চলে এলেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে আসা অন্যান্য প্রতিনিধিদের যে প্রোটোকল মেনে স্বাগত জানানো হচ্ছে, ঠিক সেভাবেই অভ্যর্থনা জানানো হয়েছে পাকিস্তানের মন্ত্রীকে। যিনি পহেলগাঁও জঙ্গি হামলার পরে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় 'হাত কেটে নেওয়ার' হুমকিও দিয়েছিলেন। একটি সেমিনারে তিনি বলেছিলেন, ‘যারা আমাদের জলে হাত দেবে, তাদের হাত কেটে ফেলা হবে।’

নয়াদিল্লিতে SCO বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী
সেই মুসাদিকই নয়াদিল্লিতে এসসিও সংক্রান্ত বৈঠকে যোগ দিচ্ছেন। আজ থেকে রবিবার পর্যন্ত দিল্লিতে সেই বৈঠক চলবে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিভিন্ন দেশের মধ্যে আলোচনার গুরুত্ব এবং কূটনীতির এই ক্ষেত্রে বিষয়ে ইসলামাবাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন মুসাদিক। যে পাকিস্তান আপাতত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ‘চেয়ার’ পদে আছে।
বিদেশনীতি নিয়ে বিভ্রান্ত বিজেপি সরকার, দাবি সপা নেতার
তবে মুসাদিকের ভারত সফর নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা নিশানা করেছে নরেন্দ্র মোদী সরকারের বিদেশনীতিকে। সমাজবাদী পার্টির নেতা ফখরুল হাসান চাঁদ দাবি করেছেন যে বিদেশনীতি নিয়ে বিভ্রান্ত হয়ে আছে মোদী সরকার। তাঁর কথায়, 'বিজেপি সবসময় বলে যে একইসঙ্গে আলোচনা এবং সন্ত্রাসবাদ চলতে পারে না। কিন্তু এখন এসসিও বৈঠকের জন্য ভারতে এলেন একজন পাকিস্তানি মন্ত্রী।'
‘আমাদের বিদেশনীতির সঙ্গে আপস করা হচ্ছে’, নিশানা কংগ্রেসের
একইসুরে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত। তিনি দাবি করেছেন, ‘বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদী দ্বিধায় ভুগছেন। ওঁরা ক্রিকেটারদের পাকিস্তানি দলের বিরুদ্ধে খেলতে বলেন। এখন ভারতে আসছেন এক পাকিস্তানি মন্ত্রী। আমাদের বিদেশনীতির সঙ্গে আপস করা হচ্ছে।’
‘সন্ত্রাসবাদ ও আলোচনা একইসঙ্গে চলতে পারে না’
আবার কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি দাবি করেছেন, সিন্ধু জলচুক্তি নিয়ে যেভাবে কথা বলেছিলেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী, তা জঙ্গিদের ভাষা ছিল। তাঁর কথায়, ‘সন্ত্রাসবাদ এবং আলোচনা একইসঙ্গে চলতে পারে না। অপারেশন সিঁদুরের সময় উনি যে ভাষা প্রয়োগ করেছিলেন, তা একজন মন্ত্রীর ভাষা ছিল না। ওটা জঙ্গিদের ভাষা ছিল।’
এমনিতে ২০২৩ সালের পরে এই প্রথমবার ভারতে আসতে পারলেন কোনও পাকিস্তানি মন্ত্রী। ২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন পাকিস্তানি মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। আর ২০২৫ সালে পহেলগাঁও হামলার প্রেক্ষিতে অপারেশন সিঁদুরের পরে এই প্রথমবার ভারতে আসতে পারলেন কোনও পাকিস্তানি নেতা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


